২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলা, নিহত ৯

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ বিমানবন্দরে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৯ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 07:17 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

কাবুল, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ বিমানবন্দরে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৯ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। সোমবার সকালে জালালাবাদ বিমানবন্দরের প্রবেশ পথে শক্তিশালী ওই গাড়িবোমাটির বিস্ফোরণ ঘটানো হয় বলে পুলিশ জানায়। আফগান তালেবান ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে বলে বিবিসি জানিয়েছে। নানগারহার প্রদেশের প্রাদেশিক মুখপাত্র আহমেদ জিয়া আব্দুল জাই জানিয়েছেন, হামলার পর ন্যাটো সেনারা এলাকাটি বন্ধ করে দিয়েছে। জালালাবাদ নানগারহার প্রদেশের রাজধানী। হামলায় হতাহতরা সবাই বেসামরিক নাগরিক বলেই ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাদেশিক পুলিশ কর্মকর্তা ওবায়েদুল্লাহ তালওয়ার। বিমানবন্দরটি একই সঙ্গে বেসামরিক ও আন্তর্জাতিক সামরিক বিমান ওঠানামার জন্য ব্যবহার করা হয়। কাবুলের নিকটবর্তী যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটিতে কোরান পোড়ানোর ঘটনার প্রতিক্রিয়ায় আফগানিস্তানে গত কয়েকদিন ধরে সহিংস বিক্ষোভ চলছে। তবে ওই ঘটনার সঙ্গে এ হামলার ঘটনাটি সম্পর্কিত কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩১২ ঘ.