২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাক চলচ্চিত্র ‘দ্য আর্টিস্ট’র অস্কার জয়

নির্বাক ও সাদাকালো চলচ্চিত্র ‘দ্য আর্টিস্ট’ জিতে নিল অস্কারের ৮৪ তম আসরের সবচেয়ে সম্মানজনক শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার। এ ছাড়াও শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতাসহ পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার জয় করেছে চলচ্চিত্রটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 05:14 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

লস অ্যাঞ্জেলেস, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নির্বাক ও সাদাকালো চলচ্চিত্র ‘দ্য আর্টিস্ট’ জিতে নিল অস্কারের ৮৪ তম আসরের সবচেয়ে সম্মানজনক শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার। এ ছাড়াও শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতাসহ পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার জয় করেছে চলচ্চিত্রটি। রোববার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের কোডাক থিয়েটারে (বাংলাদেশ সময় সোমবার সকাল) বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক এই পুরস্কার ঘোষণা করা হয়। ‘দ্য আর্টিস্ট’ চলচ্চিত্রের সুবাদে সেরা পরিচালকের পুরস্কার জয় করেছেন মিশেল হাজানাভিসাস। এ ছাড়াও এই চলচ্চিত্রে অভিনয় করেই শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জয় করেছেন ফ্রান্সের অভিনেতা জ্যঁ দুজারদ্যঁ। সেরা সঙ্গীত ও সেরা পোশাক বিভাগেও পুরস্কার জয় করে দ্য আর্টিস্ট। খ্যাতিমান অভিনেত্রী মেরিল স্ট্রিপ ‘দ্য আয়রন লেডি’ চলচ্চিত্রে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের ভূমিকায় অনবদ্য অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেন তিনি। এরআগে ১৭ বার অস্কারের জন্য মনোনয়ন পেয়ে এবার তিনি তৃতীয়বারের মতো চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক এই পুরস্কার জয় করলেন স্ট্রিপ। এবারের আসরে ১১ টি বিভাগে মনোনয়ন পেয়ে পাঁচটি বিভাগে অস্কার জয় করেছে মার্টিন স্ক্রসেসের ‘হুগো’ চলচ্চিত্রটি। এটি সিনেমাটোগ্রাফি, আর্ট ডিরেকশন, সাউন্ড এডিটিং ও মিক্সিং, এবং ভিস্যুয়াল ইফেক্ট-এর জন্য অস্কার জয় করে। এবারের অস্কারের আর একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। আর তা হচ্ছে, এবার সবচেয়ে বয়সী ব্যক্তি হিসেবে শ্রেষ্ঠ পার্শ্বঅভিনেতার পুরস্কার জয় করেছেন ক্রিস্টোফার প্লামার। কানাডিয়ান এই অভিনেতার বর্তমান বয়স ৮২ বছর। ‘দ্য হেল্প’ চলচ্চিত্রে অভিনয় করে সেরা পার্শ্বঅভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অক্টাভিও স্পেনসার। এ ছাড়া এই প্রথমবারের মতো অস্কার জয় করলো কোনো ইরানি চলচ্চিত্র। বিদেশি ভাষা ক্যাটাগরিতে ইরানের আসগর ফরহাদি পরিচালিত ‘অ্যা সেপারেশন’ চলচ্চিত্রটি অস্কার জয় করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০৭ ঘ.