কায়রো, ফেব্র“য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী ১৬ মার্কিনীসহ আরো বেশ কয়েকজন মিশরীয় বিচারের মুখোমুখি হয়েছে।
বিদেশি ও মিশরীয় গণতান্ত্রিক আন্দোলনকর্মী মিলিয়ে মোট ৪৩ জনের বিরুদ্ধে বিরুদ্ধে অবৈধ বিদেশি অনুদান গ্রহণ এবং অনুমতি ছাড়া সামাজিক কর্মসূচির বাইরে রাজনৈতিক কর্মসূচিতে জড়িয়ে পড়ার অভিযোগ আছে। অভিযুক্তদের মধ্যে যুক্তরাষ্ট্রের পরিবহন সচিবের ছেলেও রয়েছেন।
রোববার অভিযুক্তদের বিচার শুরু হচ্ছে। তবে অভিযুক্তরা সবাই আদালতে হাজির হবে কিনা তা স্পষ্ট নয়।
আনীত অভিযোগ “পক্ষপাতদুষ্ট” বলে দাবি করেছেন অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর একটিতে কর্মরত এক আন্দোলনকারী।
মিশরের ক্ষমতা দখল করার নিয়ে সেনাবাহিনীর কট্টর সমালোচকদের রুখতেই জেনারেলরা প্রতিহিংসাবশত গণতান্ত্রিক আন্দোলনকারীদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে বলে অভিযোগ করেছেন অধিকার আন্দোলনকারীরা।
তবে মিশর সরকার অভিযোগুলোকে আইনসঙ্গত দাবি করে বলেছে, সবাইকেই দেশের আইন মেনে চলতে হবে।
যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিচারের মুখোমুখি করায় কায়রোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে বলে জানিয়েছেন কূটনীতিকরা। এ ঘটনায় মিশরের সেনাবাহিনীকে যুক্তরাষ্ট্রের দেওয়া ১’শ ৩০ কোটি ডলারের সামরিক সহায়তাও হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সঙ্কট সমাধানে কায়রো ও ওয়াশিংটন ‘নিবিড় আলোচনা” শুরু করেছে।
ওই কর্মকর্তা জানান, উত্তর আফ্রিকা সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ঘটনাটি নিয়ে গত তিনদিনে দুইবার মিশরের পররাষ্ট্রমন্ত্রী মোহামেদ কামেল আমরের সঙ্গে আলোচনা করেছেন।
বিচারের জন্য বিদেশি অভিযুক্তদের মিশর না ছাড়ার নির্দেশ দেওয়া হলেও অনেকে আগেই দেশটি ছেড়ে যায়। বাকী যারা আটকা পড়ে তাদের অনেকেই কায়রোর যুক্তরাষ্ট্র দূতাবাসে আশ্রয় নিয়ে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৩১ঘ.
bdnews24