ওয়াশিংটন, ফেব্র“য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের বিদায়ী প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে নিজ শহর সানায় ফিরেছেন শুক্রবার।
শুক্রবার ওয়াশিংটনে ইয়েমেনের দূতাবাসের মুখপাত্র এ তথ্য জানান।
২০১১ সালের জুন মাসে ইয়েমেনের গণবিক্ষোভের সময় প্রেসিডেন্টের প্রাসাদে রকেট হামলা চালানো হলে মারাত্মক আহত হন ৬৯ বছর বয়সী সালেহ। এ বছরের জানুয়ারি মাসে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান তিনি।
গত মঙ্গলবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক নির্বাচনের মাধ্যমে ৩৩ বছর ধরে ক্ষমতায় টিকে থাকা সালেহের শাসন আনুষ্ঠানিকভাবে শেষ হয়। সালেহের স্থলাভিষিক্ত হন তার উপরাষ্ট্রপতি আব্দুরাব্বু মনসুর হাদি।
আরব রাষ্ট্রগুলোতে শুরু হওয়া গণজোয়ারে মধ্যপ্রাচ্যে ক্ষমতাচ্যুত হওয়া চতুর্থ এক নায়ক সালেহ। ওই আন্দোলন বিশ্ব গণমাধ্যমে ‘আরব বসন্ত’ নামে পরিচিতি পায়।
তবে বর্তমানে প্রায় নিঃস্ব ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থার ইয়েমেনে আবারো বিদ্রোহ দানা বাঁধতে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্র ও খনিজ তেলসমৃদ্ধ বৃহত্তম দেশ সৌদি আরব। আল-কায়েদার আঞ্চলিক ঘাঁটি হিসেবেও ব্যবহৃত দেশটির সীমান্ত এলাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪২৫ ঘ.
bdnews24