ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিসরের এক প্রেসিডেন্ট প্রার্থীকে পিটিয়ে তার গাড়ি ছিনিয়ে নিয়েছে অস্ত্রধারীরা। আব্দেল মোনেইম আবুল ফোতোউ নামের ওই প্রেসিডেন্ট প্রার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে নির্বাচনী প্রচারাভিযান শেষ করে ফেরার সময় ফোতোউ মারধরের শিকার হন বলে সিএনএন জানায়।
আবুল ফোতোউয়ের নির্বাচনী প্রচারাভিযান পরিচালনার দায়িত্বে থাকা আলী বেনাসাভি জানান, মাথায় আঘাত পাওয়ায় ফোতোউকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
তিনি বলেন, একটি নির্বাচনী জনসভা শেষে মহাসড়ক ধরে ফেরার সময় মুখোশধারী বন্দুকধারীদের একটি গাড়ি তার পথরোধ করে।
বন্দুকধারীরা চালককে গাড়ি থেকে নামিয়ে মারধর করতে থাকে। তখন আবুল ফোতোউ এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। তারপর ফোতোউয়ের গাড়ি নিয়ে পালিয়ে যায় তারা।
গণবিক্ষোভের মুখে গত বছর মিশরের তিন দশকের শাসক হোসনি মোবারকের পতনের পর প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন ফোতোউ। আগামী জুনে এ নির্বাচন হওয়ার কথা রয়েছে। গত বছরই মিশরের প্রেসিডেন্ট পদের জন্য নিজেকে প্রার্থী ঘোষণা করেন মুসলিম ব্রাদারহুডের সাবেক এই সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২৩১৬ ঘ.
bdnews24