জেনেভা, ফেব্র“য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় ‘শীর্ষ পর্যায়ের’ সেনা ও সরকারি কর্মকর্তাদের নির্দেশে সেনারা মানবতা বিরোধী অপরাধ করছে বলে বৃহস্পতিবার জানিয়েছে জাতিসংঘ।
সেনারা নিরস্ত্র নারী ও শিশুদের গুলি করে হত্যা করছে, আবাসিক এলাকায় গোলা হামলা চালাচ্ছে এবং আহত বিক্ষোভকারীদের নির্যাতন করছে বলে জানানো হয়েছে জাতিসংঘ প্রতিবেদনে।
এ সমস্ত অপরাধের নির্দেশ দানকারী সেনা অধিনায়ক ও কর্মকর্তাদের একটি তালিকাও দিয়েছেন জাতিসংঘ তদন্ত কর্মকর্তারা।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের ওই কর্মকর্তারা অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, “সিরিয়ার সেনাবাহিনীর যেসব উচ্চ ও মধ্য পর্যায়ের সেনা কর্মকর্তা তাদের অধস্তনদের মানবতা বিরোধী অপরাধ করার নির্দেশ দিয়েছেন তাদের চিহ্নিত করার মতো বিশ্বসযোগ্য ও সঙ্গতিপূর্ণ প্রমাণ কমিশন পেয়েছে।”
প্রতিবেদন অনুযায়ী, “ওই সেনা কর্মকর্তারা নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো, এমন নির্দেশ অমান্যকারী সেনাদের হত্যা, কারণ ছাড়া জনমানুষকে গ্রেপ্তার, বন্দিদের সঙ্গে অসদাচরণ এবং ইচ্ছামত ট্যাঙ্ক ও মেশিনগান দিয়ে দেশের সাধারণ মানুষের ওপর হামলা চালানোর নির্দেশ দিয়েছে।”
এতে আরো বলা হয়, ১৫ ফেব্র“য়ারি থেকে শুরু হওয়া বিক্ষোভ-দমনাভিযানে সিরিয়ায় এ পর্যন্ত ৬ হাজার ৩৯৯ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪২ঘ.
bdnews24