লন্ডন, ফেব্র“য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোমালিয়ার গোলযোগপূর্ণ পরিস্থিতি, সন্ত্রাসবাদ এবং বিশ্ব নিরাপত্তায় হুমকি হয়ে থাকা জলদস্যুবৃত্তি নিয়ে উদ্বিগ্ন আফ্রিকান, আরব ও পশ্চিমা বিশ্বের নেতারা বৃহস্পতিবার দেশটির ভবিষ্যৎ নিয়ে লন্ডনে এক সম্মেলনে অংশ নিচ্ছেন।
সোমালিয়ায় রাজনৈতিক পরিবর্তনের বিষয়টি ছাড়াও সন্ত্রাসবাদ ও জলদস্যুর হুমকি নিরসন করে শান্তি প্রতিষ্ঠায় সমন্নিত প্রচেষ্টা নেওয়া এমনকি দুর্ভিক্ষ দূর করাসহ গোষ্ঠীগত সহিংসতা রোধে পদক্ষেপ নেওয়াও সম্মেলনের লক্ষ্য।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথন, ইথিওপিয়ার নেতা মেলেস জেনাবিরসহ বিশ্বের প্রায় ৪০টি দেশের নেতারা সম্মেলনে যোগ দিচ্ছেন।
তবে এ সম্মেলন থেকে খুব বেশি কিছু আশা না করার ব্যাপারে সতর্ক করেছেন বিশ্লেষকরা। সম্মেলনের প্রাক্কালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন আশা প্রকাশ করে বলেছেন, এ সম্মেলন প্রেরণা হিসেবে কাজ করবে।
হর্ন অব আফ্রিকায় অবস্থিত দেশ সোমালিয়া প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে দুর্ভিক্ষ ও গৃহযুদ্ধপীড়িত। সোমালিয়া পরিস্থিতি সামলানোয় আরো সমন্বিত প্রচেষ্টা নিতে নীতিনির্ধারকদের মনোযোগ আকর্ষণের লক্ষ্যেই এ সম্মেলন আয়োজন করেছে ব্রিটিশ আয়োজকরা।
সরকারের উর্ধ্বতন অনেক কর্মকর্তার সঙ্গে সোমালিয়ার প্রধানমন্ত্রীও এ সম্মেলনে যোগ দিয়েছেন।
‘দেশ এখনও সংকটকালীন অবস্থায় আছে’ বলে সতর্ক করে দেন সোমালি প্রধানমন্ত্রী। একইসঙ্গে আরো আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন বলেও তিনি জানান।
সোমালিয়ার বিরোধী দলগুলোর অনেক প্রতিনিধি সম্মেলনে অংশ নিলেও ইসলামিক দল আল শাবাব এতে অংশ নিচ্ছে না। ইসলামি এ গ্র“পটি সোমালিয়ার মধ্য ও দক্ষিণাঞ্চলের বেশ কিছু অঞ্চল নিয়ন্ত্রণ করছে।
এর আগে সোমালিয়াকে ‘বিশ্বের সবচেয়ে ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দেয় যুক্তরাজ্য। তবে একই সঙ্গে দেশটির ‘আরেকটি সুযোগ’ প্রয়োজন বলেও তারা জানায়।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের বরাত দিয়ে বিবিসি জানায়, পশ্চিমা হস্তক্ষেপ ছাড়া একটি ব্যর্থ রাষ্ট্রকে সহায়তা করতেই এ সম্মেলন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৪৫ঘ.
bdnews24