ওয়াশিংটন, ফেব্র“য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে মার্কিন বাহিনীর দুই সেনা কর্মকর্তা নিহত হওয়ার পর আফগানিস্তানে কর্মরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তায় ন্যাটোর নেওয়া পদক্ষেপে সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
পাশাপাশি সবাইকে শান্ত থাকার জন্য হামিদ কারজাইয়ের জানানো আহ্বানকেও স্বাগত জানিয়েছেন তিনি। শনিবার হোয়াইট হাউজ থেকে বিষয়টি জানানো হয়।
কাবুলের নিকটবর্তী ন্যাটোর একটি বিমান ঘাঁটিতে কোরান পোড়ানোর ঘটনার জেরে ধরে কয়েকদিন ধরে প্রতিবাদ বিক্ষোভ করে আসছিলো আফগানরা। এতে অন্তত ১২ জন আফগান নিহত হওয়ার পর শনিবার ন্যাটো বাহিনীর দু’জন সামরিক কর্মকর্তাকে আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে গুলি করে হত্যা করে এক আফগান নিরাপত্তা কর্মী।
আফগানিস্তানে নিয়োজিত ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্স ফোর্স (আইএসএএফ) দুই কর্মকর্তা নিহত হওয়ার কথা নিশ্চিত করলেও নিহতদের জাতীয়তা প্রকাশ করেনি।
অবশ্য আফগানিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা বলেন, নিহতরা দুজনই মার্কিন নাগরিক। তাদের একজন মার্কিন সেনাবাহিনীর কর্নেল ও অন্যজন মেজর পদমর্যাদার কর্মকর্তা।
হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, “শান্তিপূর্ণভাবে প্রতিক্রিয়া প্রকাশের জন্য প্রেসিডেন্ট কারজাইয়ের দেওয়া বিবৃতিকে আমরা স্বাগত জানাই। পাশাপাশি জনগণকে শান্ত থাকার ও আলোচনায় বসার জন্য তার আহ্বানকেও আমরা স্বাগত জানাই।”
এতে আরো বলা হয়, “আফগানিস্তানের সরকার ও জনগণের সঙ্গে অংশীদারিত্বের সম্পর্ক বজায় রাখতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ থাকবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫২৩ঘ.
bdnews24