লিল, ফ্রান্স, ফেব্র“য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যৌনকর্মী কেলেঙ্কারির এক মামলায় দুই দিনের জিজ্ঞাসাবাদ শেষে বুধবার পুলিশি হেফাজত থেকে মুক্তি পেয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান ডমিনিক স্ট্রস -কান।
জিজ্ঞাসাবাদের জন্য তাকে আবারো এক বিচারকের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে আদালত। তবে আদালত এ বিষয়ে কোনো তারিখ নির্ধারণ করেনি।
এদিকে জেডিডি সংবাদপত্র তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আগামী ২৮ মার্চ বিচারকের সঙ্গে সাক্ষাৎ করতে হবে তাকে।
স্ট্রস-কানের আইনজীবী ফ্রেডারিক বোলিও বলেন, “তিনি সব প্রশ্নের জবাব দিয়েছেন। মূল বিষয় হলো, তিনি মুক্তি পেয়েছেন- এটা একটা ভালো বিষয়। সব প্রশ্নের জবাব দিলে তিনি মুক্তি পাবেন এটাই স্বাভাবিক।”
ফ্রান্সের লিলে শহরে একাধিক যৌনকর্মীর সঙ্গে সম্পর্ক এবং প্যারিস, ব্রাসেলস ও ওয়াশিংটনে বিভিন্ন পার্টিতে যোগ দেওয়ার অভিযোগ রয়েছে স্ট্রস -কানের বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজন যৌনকর্মীকে জেরা করে স্ট্রস-কানের বিরুদ্ধে অভিযোগের প্রমাণও পেয়েছে তারা। তবে আইএমএফের সাবেক প্রধান বলছেন, ওই নারীরা যৌনকর্মী কিনা তা তিনি জানতেন না।
ফ্রান্সে যৌনকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্ক বৈধ হলেও এর পেছনে প্রতিষ্ঠানের অর্থ ব্যয় করা আইনসঙ্গত নয়।
চলতি বছর ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে একজন সম্ভাব্য প্রভাবশালী প্রার্থী ছিলেন স্ট্রস-কান। কিন্তু ২০১১ সালের মে মাসে নিউইয়র্কে এক হোটেল কর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আইএমএফ প্রধানের পদ ছাড়তে তিনি বাধ্য হন। তবে ওই মামলা পরে বাতিল হয়ে যায়।
গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর ফরাসি এক লেখিকা তার বিরুদ্ধে আরেকটি মামলা করেন। আর এরপরই লিলের ঘটনাটি প্রকাশিত হয়।
পুলিশ জানিয়েছে, আইএমএফের সাবেক প্রধান স্ট্রস-কান যৌনকর্মীদের পেছনে প্রতিষ্ঠানের অর্থ ব্যয় করেছিলেন কি না- তার আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২০৭ ঘ.
bdnews24