বুয়েন্স আয়ার্স, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আর্জেন্টিনায় একটি ট্রেন দুর্ঘটনায় অন্তত ৪৯ জন নিহত ও ছয় শতাধিক মানুষ আহত হয়েছে।
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে বুধবার সকালে একটি কমিউটার ট্রেনের ব্রেক বিকল হয়ে দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা টেলেম জানায়, কমিউটার ট্রেনটি শহরের মধ্যভাগের ‘ওয়ানস’ রেল স্টেশনে পৌঁছে রেল লাইনের শেষ মাথায় গতিরোধকের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। সে সময় ওই ট্রেনে আটশর বেশি যাত্রী ছিল।
পুলিশের এক মুখপাত্র বলেন, দুর্ঘটনায় ৪৯ জন নিহত হয়েছে।
পরিবহন সেক্রেটারি হুয়ান পাবলো শিয়াভিকে উদ্ধৃত করে টেলেম জানায়, “ঘণ্টায় ২৬ কিলোমিটার বেগে ট্রেনটি ওয়ানস স্টেশনে যায়। আমাদের ধারণা ব্রেকে কোনো সমস্যা হয়েছিল।”
প্রতিদিন রাজধানীর আশপাশ থেকে কয়েক লাখ মানুষ ট্রেনে করে বুয়েন্স আয়ার্সে যাতায়াত করে। গত সেপ্টেম্বরেও এক ট্রেন দুর্ঘটনায় ১১ জন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২৩৩৯ ঘ.
bdnews24