সিউল, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার পাল্টা জবাবের হুমকির মুখেও দক্ষিণ কোরিয়া বিরোধপূর্ণ জলসীমানার কাছে সোমবার সামরিক মহড়া চালিয়েছে।
দুই ঘন্টা ধরে এ মহড়া চলে। মহড়ার সময় আগ্নেয়াস্ত্র ও হেলিকপ্টার ব্যবহার করা হয়।
এ দুটি দেশের বিরোধপূর্ণ জলসীমানার কাছে যখনই দুটি দেশের কোন পক্ষ মহড়া চালায় অথবা সামরিক মহড়ার ঘোষণা দেয় তখনই উত্তেজনা তৈরি হয়।
উত্তর কোরিয়া বলছে, সুপরিকল্পিতভাবে সামরিক উষ্কানি দেওয়ার লক্ষ্যে এই সামরিক মহড়া চালানো হচ্ছে।
অন্যদিকে, দক্ষিণ কোরিয়া বলছে, রুটিন কার্যক্রমের অংশ হিসেবেই এ মহড়া দেওয়া হয়েছে।
মহড়ার ঘোষণা দেওয়ার পর, দক্ষিণ কোরিয়াকে এর জবাবে সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল উত্তর কোরিয়া । তবে সোমবার মহড়ার সময় উত্তর কোরিয়া থেকে কোনো পাল্টা পদক্ষেপের খবর পাওয়া যায় নি।
দক্ষিণ কোরিয়া এমন জায়গায় এ মহড়া চালিয়েছে যেখানে ২০১০ সালে উত্তর কোরিয়ার গোলা হামলায় ৪ দক্ষিণ কোরিয় নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৭ঘ.
bdnews24