তেহরান, ফ্রেবুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটিশ ও ফরাসি কোম্পানির কাছে তেল বিক্রি বন্ধ করেছে ইরান। ইরানের তেল মন্ত্রণালয় রোববার এ খবর জানিয়েছে।
পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মুখপাত্র আলিরেজা নিকজাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “ব্রিটিশ ও ফরাসি কোম্পানির কাছে অশোধিত তেল রপ্তানি বন্ধ করা হয়েছে। আমরা নতুন গ্রাহকের কাছে আমাদের তেল বিক্রি করব।”
১ জুলাইয়ে ইরানে ইইউ এর আরোপিত তেল নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই ইরান এ পদক্ষেপ নিল।
স¤প্রতি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো ১ জুলাই থেকে ইরানের তেল আমদানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে চাপ দেওয়ার জন্য এ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইইউ।
ইরান ইউরোনিয়াম সমৃদ্ধ করছে। এই সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে নাগরিক সুবিধার জন্য পরমাণু শক্তি ব্যবহার করা সম্ভব। অন্যদিকে, তা দিয়ে পারমাণবিক অস্ত্রও তৈরি করা যায়।
ইউরোনিয়ামের দ্বিতীয় ব্যবহারের আশঙ্কায় ইইউ ইরানের উপর ওই অর্থনৈতিক অবরোধ আরোপের সিদ্ধান্ত নেয়।
অন্যদিকে, ইরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কার্যক্রম বেসামরিক উদ্দেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য পরিচালিত হচ্ছে।
কিন্তু ইরান “পারমাণবিক অস্ত্র তৈরি সম্পর্কিত” পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে- এমন তথ্য আণবিক শক্তি সংস্থার কাছে আছে বলে জানিয়েছে জাতিসংঘের ওই সংস্থাটি।
ইরানের পেট্রোলিয়াম মন্ত্রী ৪ ফেব্র“য়ারি জানিয়েছিলেন, ইরান ইউরোপের কয়েকটি দেশে তেল রপ্তানি বন্ধ করে দেবে।
জবাবে ইউরোপীয় কমিশন গত সপ্তাহে জানায়, ইরান অশোধিত তেল রপ্তানি বন্ধ করে দিলেও তারা তেল স্বল্পতায় ভুগবে না। ১২০ দিন চলার মতো তেল তাদের কাছে আছে।
অন্যদিকে, ইরানের মতে, ইউরোপীয় ইউনিয়ন তেল আমদানি বন্ধ করে দিলেও তাদের ক্রেতার অভাব হবে না। বরং, এর ফলে বিশ্ব বাজারে তেলের দাম বেড়ে যাবে বলে সতর্কও করেছে ইরান।
ওদিকে, ইরান থেকে ইইউ দেশগুলোতে তেল রপ্তানি বন্ধ হয়ে গেলে সৌদি আরব তাদের বাড়তি তেলের যোগান দেওয়ার প্রস্তাব দিয়েছে। সৌদি আরবের এ প্রস্তাবের সমালোচনা করেছে তেহরান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০৬ঘ.
bdnews24