আলজিয়ার্স, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্ষেপণাস্ত্রসহ একটি অস্ত্রভাণ্ডার ধরা পড়েছে আলজেরিয়ায়, যা লিবিয়া থেকে পাচার হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
আলজেরিয়ার নিরাপত্তা বাহিনীর একটি সূত্র বলছে, ওই অস্ত্রভাণ্ডার আল কায়দার উত্তর আফ্রিকা শাখার কাছে যাচ্ছিল।
শনিবার আলজেরিয়ার নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা রয়টার্সকে ওই অস্ত্রভাণ্ডার আটকের খবর জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, লিবিয়া সীমান্তের কাছে মরুভূমিতে ওই অস্ত্রভাণ্ডারের সন্ধান পাওয়া যায়। স্থানটি আলজেরিয়ার অন্যতম প্রধান জ্বালানী উৎপাদন এলাকা আমেনাস থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে।
চোরকারবারিদের একটি দলকে অনুসরণ করে অস্ত্রভাণ্ডারটির খোঁজ পাওয়া যায়। দলটির সবাইকে আটক করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।
আবিস্কৃত অস্ত্রভাণ্ডারে কাঁধ থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রসহ প্রচুর অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। এ ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে উড়ন্ত বিমানকেও ভূপাতিত করা যায়।
“আটক অস্ত্রগুলো প্রমাণ করে লিবিয়ার অস্থিতিশীলতা এই অঞ্চলের নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি তৈরি করেছে,” বলেন আলজেরিয়ার ওই কর্মকর্তা।
মুয়াম্মার গাদ্দাফির শাসন অবসানের পর লিবিয়ায় চলমান অস্থিরতায় উত্তর আফ্রিকার সরকারগুলো আশঙ্কা প্রকাশ করে আসছে, এই সুযোগে গাদ্দাফি বাহিনীর ব্যবহৃত অস্ত্র আল কায়েদার উত্তর আফ্রিকা শাখা ও সাহারা অঞ্চলের অন্যান্য বিদ্রোহীদের কাছে চলে যেতে পারে।
তবে আলজেরিয়ার সরকারের পক্ষ থেকে অস্ত্র আটকের এ ঘটনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১২৩৫ ঘ.
bdnews24