আম্মান/বৈরুত, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী বিক্ষোভে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী।
আসাদ বিরোধী আন্দোলনে আগের দিন নিহত তিন যুবকের শেষকৃত্যানুষ্ঠানের জন্য শনিবার জড়ো হয়েছিলেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কবর দেওয়া শেষ হওয়া মাত্র আসাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি চালায়। এরপর লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য পালাতে থাকে।
বিরোধী দল সিরিয়ান রেভুল্যুশনারি কোঅর্ডিনেশন ইউনিয়ন জানায়, সমাধিস্থলের কাছে চালানো গুলিতে এক ব্যক্তি নিহত ও একজন নারীসহ চারজন আহত হয়েছে। বেশ কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশটিতে ১১ মাস ধরে চলা সহিংসতা বন্ধে চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী ঝাই জুনের আহ্বান জানানোর অল্প কিছুক্ষণ পরই এ ঘটনা ঘটে।
নিরাপত্তা বাহিনীর হামলার পর প্রায় ৩০ হাজার বিক্ষোভকারী রাজধানীর মেজে শহরে এয়ারফোর্স ইন্টেলিজেন্সের সদরদপ্তরের কাছের সড়কে জড়ো হয়।
আসাদ বিরোধী আরেকটি দল লোকাল কোঅর্ডিনেশন কমিটি জানায়, শনিবার দামেস্ক ও দেশের অন্যান্য এলাকায় নিরাপত্তা বাহিনী ১৪জনকে হত্যা করেছে। এর মধ্যে বিরোধীদের শক্ত ঘাটি হোমস শহরেই মারা গেছে পাঁচজন। তবে হতাহাতের এ ঘটনাগুলো নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে সিরিয়ায় চলমান বিশৃঙ্খলাকে দেশটিকে বিভক্ত করার উদ্যোগ হিসেবে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট আসাদ।
ঝাই জুনের সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।
আসাদ বলেন, “এখন সিরিয়াতে যা ঘটছে তা হলো মূলত একে বিভক্ত করা এবং এ অঞ্চলে দেশটির ভৌগোলিক স্থান ও ঐতিহাসিক ভূমিকাকে প্রভাবিত করার একটি উদ্যোগ।”
এদিকে সরকারি ও বেসরকারি বাহিনীসহ সব পক্ষের কাছে সিরিয়ায় সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন চীনা প্রতিনিধি।
উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সমস্যা সমাধানে আগামী ২৬ ফেব্র“য়ারি বহুদলীয় নির্বাচনের পর গণভোট অনুষ্ঠানের যে পরিকল্পনা আসাদ করেছেন চীন তাতে সমর্থন জানিয়েছে।”
তবে বিরোধী দল ও পশ্চিমা দেশগুলো আসাদের এ পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছেন।
চীন ও রাশিয়া সিরিয়ার বন্ধুপ্রতীম দেশ। আসাদকে পদত্যাগের আহ্বান জানিয়ে গত ৪ ফেব্র“য়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত খসড়া প্রস্তাব এবং বৃহস্পতিবার সাধারণ পরিষদে উত্থাপিত একই ধরণের প্রস্তাবে ভেটো দিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এসইউ/১২০০ ঘ.
bdnews24