২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার ককেশাসে লড়াই, নিহত ২৪

রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলে চেচনিয়া ও দাগেস্তান প্রদেশের সীমান্তে লড়াইয়ে ১৭ জন পুলিশ ও অন্তত সাতজন বিদ্রোহী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 05:18 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

মস্কো, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলে চেচনিয়া ও দাগেস্তান প্রদেশের সীমান্তে লড়াইয়ে ১৭ জন পুলিশ ও অন্তত সাতজন বিদ্রোহী নিহত হয়েছে। এলাকটিতে বিদ্রোহীদের সঙ্গে পুলিশের চার দিন ধরে লড়াইয়ের পর শনিবার রাশিয়ান পুলিশের পক্ষ থেকে এ খবর জানানো হয়। লড়াইয়ে আরো ২৪ জন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন বলে রাষ্ট্রিয় সংবাদ মাধ্যম আরআইএ জানিয়েছে। চার দিনের এ লড়াইয়ে সরকারি পক্ষের হতাহতের সংখ্যা গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বেশি। এক দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার ককেশাস অঞ্চলে ইসলামী বিদ্রোহীরা সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। সশস্ত্র অভিযানের মাধ্যমে রাশিয়ার সেনাবাহিনী চেচনিয়ার ক্ষমতা থেকে ইসলামী বিচ্ছিন্নতাবাদীদের হাটানোর পর থেকেই সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করে তারা। রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী রাশিদ নুরগেলিয়েভ জানান, সরকারি বাহিনীর ওপর চোরাগোপ্তা হামলা চালানো হয়। তবে ঘটনাটি কখন ঘটেছে এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। এ বিষয়ে প্রকাশিত অন্যান্য কয়েকটি প্রতিবেদনে বলা হয়, নিহত পুলিশেরা চার দিনের লড়াই চলাকালে ভিন্ন ভিন্ন সময় নিহত হন। শুক্রবার একটি সশস্ত্র গোষ্ঠির সাত বিদ্রোহীকে হত্যা করা হয় বলে জানান রাশিয়া সরকারের সমর্থনপুষ্ট চেচনিয়ার নেতা রমজান কাদিরভ। নিহতদের মধ্যে বিদ্রোহীদের নেতাও আছেন বলে তিনি দাবি করেন। চেচনিয়ার বিদ্রোহীদের সঙ্গে রাশিয়ার প্রথম লড়াই ১৯৯৪ সালে শুরু হয়ে ১৯৯৬ সালে শেষ হয়। এরপর ১৯৯৯ সালে আবারও যুদ্ধ শুরু হয়ে এখনও চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১১০৭ ঘ.