ঢাকা, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে শুক্রবার সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক সেনা ও আধাসামরিক বাহিনীর তিনসদস্যসহ ১৭ জঙ্গি নিহত হয়েছে।
এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে দ্য ডন জানায়, সহিংসতায় দু’জন নিরাপত্তা কর্মকর্তা ও আধাসামরিক বাহিনীর চার সদস্য আহত হয়েছে। তবে কতজন তালেবান সদস্য আহত হয়েছে তা জানা যায়নি।
আফগান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার আদিবাসী জেলায় পাকিস্তানি সেনা ও সরকারসমর্থিত স্থানীয় আধা সামরিক বাহিনী তালেবানের বিরুদ্ধে যৌথ এক অভিযান চালানোয় এ সহিংসতার সৃষ্টি হয়।
সহিংসতার খবর নিশ্চিত করে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা মুতাহির জেব খান বলেন, “স্থানীয় তালেবান গোষ্ঠী লস্কর-ই-ইসলাম ছিলো এ অভিযানের লক্ষ্য। বৃহস্পতিবার সন্ধ্যায় এ অভিযান শুরু হয় এবং অল্প কিছু সময় ছাড়া পুরো সময়টাতেই গোলাগুলি অব্যাহত ছিলো।”
এর আগে সেনাবাহিনী ও পাকিস্তানি তালেবানের সঙ্গে সম্পর্কিত জঙ্গিদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় গত বছরের অক্টোবর মাসে এ এলাকা থেকে প্রায় ১৮ হাজার মানুষ পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৪৭ ঘ.
bdnews24