ওয়াশিংটন, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সন্ত্রাসবিরোধী তদন্তের অংশ হিসেবে মার্কিন ক্যাপিটাল ভবনের কাছ থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানান।
গণমাধ্যমকে তারা বলেন, ওই ব্যক্তি মার্কিন কংগ্রেসের সভাকক্ষ ওয়াশিংটন ডিসি ভবনে আত্মঘাতী বোমা হামলা চালানোর পরিকল্পনা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
আটককৃত এল খলিফি (২৯) নামের ভার্জিনিয়ার এ অধিবাসীকে এফবিআই’র তত্ত্বাবধানে রাখা হয়েছে।
এফবিআই ও মার্কিন ক্যাপিটাল পুলিশ জানায়, কয়েক সপ্তাহ ধরে আল কায়েদার সাথে সম্পৃক্ত ব্যক্তি সন্দেহে খলিফির ওপর নজর রাখা হয়েছিলো।
তবে কর্মকর্তারা এখন মনে করছেন, আল কায়দার সঙ্গে সম্ভবত তার কোনো সম্পর্ক নেই।
আটকের পরপরই খলিফিকে আদালতে হাজির করা হয়। মার্কিন সম্পত্তি ধ্বংসে অস্ত্র ব্যবহারের চেষ্টা করছিলেন বলে অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। বুধবার এ অভিযোগের শুনানি হবে।
সম্ভাব্য সন্দেহভাজন সন্ত্রাসী তৎপরতা বন্ধে মার্কিন আইন প্রণয়নকারী কর্মকর্তারা নিয়মিতভাবে অভিযান চালিয়ে আসছেন।
গত বছরের সেপ্টেম্বর মাসে চালানো এরকমই এক অভিযানে রেজওয়ান ফেরদৌস নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পেন্টাগন ও ক্যাপিটল ভবনে বিস্ফোরক বোঝাই দূরনিয়ন্ত্রিত বিমান হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
তবে এফবিআই যেভাবে সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে তার সমালোচনা করেছে মুসলিম ও মানবাধিকার সংগঠনগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১১১ঘ.
bdnews24