ইসলামাবাদ, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সম্প্রীতি প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই করে দেখতে তালেবান ও যুক্তরাষ্ট্রের মাঝে নিছক ‘পরীক্ষামূলক’ যোগাযোগ হয়েছে। এতে কাবুল সরকার যোগ দেয়নি বলে বৃহস্পতিবার জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত উমর দাউদজাই।
এর আগে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে জানিয়েছিল, আফগানিস্তান সরকার যুক্তরাষ্ট্র ও তালেবানের সঙ্গে ত্রিপক্ষীয় গোপন শান্তি আলোচনায় যোগ দিয়েছে।
ওই প্রতিবেদনের জবাবেই একথা বলেছেন দাউদজাই।
রয়টার্সকে তিনি বলেন, আমি ‘পরীক্ষামূলক’ শব্দটি ব্যবহার করলাম কারণ তাদের মধ্যকার যোগাযোগকে ঠিক আলোচনা বলা যায় না।
তিনি বলেছেন, “যখন আলোচনা হবে, ধরে নেওয়া যায় তা হবে আফগান সরকার ও তালেবানের মধ্যে। আমরা এখনো সে পর্যায়ে পৌঁছাইনি, যদিও আমরা ওই পর্যায়ে পৌঁছাতে চাই।”
‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এর আগে তাদের প্রতিবেদনে জানায়, তালেবানরা ‘সত্যিই’ চায় শান্তি স্থাপনের মাধ্যমে আফগানিস্তানে প্রায় ১০ বছর ধরে চলা যুদ্ধের অবসান হোক। আর এ কারণে তিনপক্ষই আলোচনা চালিয়ে যাচ্ছে।
সংবাদপত্রটি আরো জানায়, আলোচনা প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় আলোচনাস্থল ও বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট।
ওদিকে, তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদও জানিয়েছেন, কারজাই সরকারের সঙ্গে তাদের কোন আলোচনা হয়নি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার লক্ষ্যে গত মাসে কাতারে একটি রাজনৈতিক কার্যালয় খোলার ঘোষণা দিয়েছে তালেবানরা।
দাউদজাই জানিয়েছেন, কাতারে আলোচনা প্রক্রিয়াটি ছাড়া তিনি অন্য কোন আলোচনার ব্যাপারে অবহিত নন।
তিনি বলেন, “কাতার আলোচনা প্রক্রিয়াটি তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্ররীক্ষামূলক যোগাযোগ।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৫৫ঘ.
bdnews24