কাবুল, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানের পূর্বাঞ্চলের কাপিসা প্রদেশে বিমান হামলায় আট আফগান তরুণ নিহত হওয়ার কথা স্বীকার করেছে দেশটিতে নিয়োজিত ন্যাটো নেতৃত্বাধিন বাহিনী।
আফগানিস্তানে নিয়োজিত আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনী (আইএসএএফ)’র যোগাযোগ বিষয়ক পরিচালক জেনারেল লুইস বুনে বুধবার সাংবাদিকদের বলেন, “সামরিক জোট বাহিনীর বিমান হামলায় আট তরুণ আফগান নিহত হয়।”
তিনি আরো জানান, ওই তরুণদের অস্ত্রধারী মনে হচ্ছিল এবং তারা ভীতিকরভাবে চলায় ওই অঞ্চলের ইসাফ বাহিনী বিমান সহায়তা চায়।
ন্যাটোর এ পরিচালক বলেন, “আমাদের লোকদের জন্য হুমকি মনে করেই আট তরুণের দল লক্ষ্য করে দুটি বোমা হামলা চালানো হয়...এই দুঃখজনক ঘটনায় তাদের প্রাণ গেছে।”
ওদিকে, আফগান সরকার জানায়, আটজনের মধ্যে সাত জনের বয়সই ছয় থেকে ১৪ বছর। আরেক জনের ১৮ বছর। এরা মেষপালক এবং তীব্র শীতে উষ্ণতার জন্য আগুন পোহাচ্ছিল।
আফগানিস্তানে বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা বাড়ছে। জাতিসংঘের এমন এক প্রতিবেদনের পর পরই ন্যাটোর পক্ষ থেকে একথা জানানো হল।
জাতিসংঘ প্রতিবেদনে বলা হয়, আফগান যুদ্ধে টানা পাঁচ বছর ধরে বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা বাড়ছে। ২০১১ সালে আফগান লড়াইয়ে মোট ৩ হাজার ২১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ২০১০ সালে নিহত হয় ২ হাজার সাতশ’৯০ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮০০ঘ.
bdnews24