২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাসাবের মৃত্যুদণ্ড রদের আবেদন

মুম্বাই হামলার একমাত্র জীবিত অভিযুক্ত পাকিস্তানি সন্ত্রাসী আজমল আমির কাসাব তার মৃত্যুদণ্ড রদ করে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 07:44 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুম্বাই হামলার একমাত্র জীবিত অভিযুক্ত পাকিস্তানি সন্ত্রাসী আজমল আমির কাসাব তার মৃত্যুদণ্ড রদ করে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন জানিয়েছেন। মঙ্গলবার ভারতের সর্বোচ্চ আদালতে কাসাব আইনজীবীর মাধ্যমে ওই আবেদন করেন বলে এনডিটিভি জানায়। সর্বোচ্চ আদালত কর্তৃক নিযুক্ত কাসাবের আইনজীবী রাজু রামচন্দ্রান আবেদনের পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, কাসাবকে বাঁচিয়ে রাখার খরচের কথা বিবেচনা করা আদালতের এখতিয়ারে মধ্যে পড়ে না, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কি হবে না, আদালত শুধু এই বিবেচনা করবে। আর খরচের বিষয়টি বিবেচনা করবে পার্লামেন্ট। মুম্বাইয়ের আর্থার রোডের উচ্চ নিরাপত্তা ব্যবস্থায় কারাগারের একটি বিশেষ কক্ষে কাসাবকে বন্দি রাখা হয়েছে। তাকে আটক রাখার জন্য নির্মাণ করা বিশেষ ওই কারাকক্ষটির জন্য ৫ কোটি ২৪ লাখ রুপি খরচ করেছে ভারত সরকার। দণ্ড কমানোর বিষয়ে কাসাবের বয়সও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে দাবি করেন রামচন্দ্রান। তিনি বলেন, “তরুণ বয়সী কাসাবের ধর্মীয় বিশ্বাসের অপব্যবহার করে ভুয়া আদর্শের কথায় তাকে বিভ্রান্ত করা হয়েছে, অল্প বয়সে বিয়ে করে অর্থনৈতিক সংকটে পড়ার ফলেই সে এ পথে অগ্রসর হয়েছে।” কাসাব ভারতের বিরুদ্ধে কোনো যুদ্ধে লিপ্ত নয় বলেও দাবি করেন তিনি। কাসাবের অপরাধ নিরপেক্ষভাবে বিচার করার ক্ষেত্রে একটি অনীহা কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি। “সর্বোচ্চ আদালতের অপূরণীয় মৃত্যুদণ্ডের চেয়ে জীবনকেই বেছে নেওয়া উচিত। সর্বোচ্চ সাজার বিষয়ে সুনিশ্চিত হয়ে থাকা সুবিবেচনা হতে পারে না। আর সব অভিযুক্তদের মতো করেই কাসাবকে বিবেচনা করা উচিত,” বলেন তিনি। কাসাবের বিচার অন্যসব সাধারণ খুনের মামলা থেকে আলাদা বলে আদালতের পর্যবেক্ষণে বলা হয়। তার বিচার বিশেষ আদালতে করা হয়েছে বলে এটি একটি বিশেষ বিচার বলে স্মরণ করিয়ে দেয় আদালত। বৃহস্পতিবার মামলার বাদী মহারাষ্ট্র সরকারের পক্ষে কাসাবের আইনজীবীর সওয়ালের জবাব দেবেন রাজ্যের সাবেক অ্যাটর্নি জেনারেল গোপাল সুব্রামানিয়ম। ২০১০ সালের মে মাসে বিশেষ আদালতের রায়ে কাসাবকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। পরে ২০১১ সালের ফেব্র“য়ারিতে আদেশটি স্থগিত করে মুম্বাইয়ের উচ্চ আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৩৯ ঘ.