২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় বিদ্রোহীদের অস্ত্র সহায়তা দেবে আরব বিশ্ব

সিরিয়ায় রক্তক্ষয় বন্ধ না হলে বিরোধী পক্ষকে অস্ত্র দিয়ে সহায়তা করার ইঙ্গিত দিয়েছে আরব দেশগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 05:07 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

কায়রো, ফেব্র“য়ারি ১৪ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় রক্তক্ষয় বন্ধ না হলে বিরোধী পক্ষকে অস্ত্র দিয়ে সহায়তা করার ইঙ্গিত দিয়েছে আরব দেশগুলো। মঙ্গলবার সিরিয়াজুড়ে বিভিন্ন শহরে প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত বাহিনী একের পর এক গোলা হামলা শুরু করায় আরব কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন যে, এ রক্তক্ষয় বন্ধ না হলে আঞ্চলিক আরব দেশগুলো সিরিয়ার প্রতিরোধ লড়াইয়ে অস্ত্র সহায়তা দিতে প্রস্তুত থাকবে। মিশরের রাজধানী কায়রোয় এক বৈঠকের পর আরব উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আসাদকে এ আভাস দিয়ে বলেছেন, আরব লিগের কয়েকটি সদস্য দেশ সিরিয়ার বিরোধীপক্ষকে অস্ত্র সহায়তা দিতে পারে। ওই বৈঠকে গৃহীত এক প্রস্তাবনায় সিরিয়ার বিরোধী পক্ষকে “সব ধরনের রাজনৈতিক ও অন্যান্য সাজ-সরঞ্জাম দিয়ে সহায়তার” আহ্বান জানানো হয়েছে। আসাদের শত্র“পক্ষকে অস্ত্র দিয়ে সহায়তা করা হতে পারে বলেও উল্লেখ রয়েছে এতে। একজন আরব রাষ্ট্রদূত বলেছেন, “শুরুতে আমরা বিরোধী পক্ষকে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে সহায়তা করব। কিন্তু সিরিয়ায় যদি হত্যাযজ্ঞ চলতেই থাকে তাহলে বেসামরিক লোকদের আত্মরক্ষায় তাদের সহায়তা করা হবে। এ প্রস্তাবনায় সিরিয়ার নাগরিকদের রক্ষা করতে আরব বিশ্বকে সব বিকল্প বেছে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।” বিরোধীপক্ষকে অস্ত্র সহায়তা দেওয়ার এ হুমকি সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ ও তার মিত্র রাশিয়া ও চীনকে চাপে ফেলবে। কিন্তু একইসঙ্গে এ পদক্ষেপে সিরিয়ায় লিবিয়া কায়দায় সংঘর্ষ ছড়িয়ে পড়া এবং গৃহযুদ্ধ বেধে যাওয়ারও আশঙ্কা আছে। সিরিয়ায় সরকারি বাহিনীর গোলা হামলা হোমস শহরের গণ্ডি ছাড়িয়ে অন্যান্য শহরে ছড়িয়ে পড়তে থাকার মুখে আরব বিশ্ব বিকল্প ব্যবস্থা হিসাবে এ হুমকি দিল। হোমস শহরে কয়েকদিন ধরে চলমান বোমা ও গোলা হামলার মধ্যে মঙ্গলবার নতুন করে হামলা শুরু হয়েছে দামেস্কের কাছের রানকুস শহরে। শহরটিতে গোলা হামলা চালিয়েছে সরকারি বাহিনী। ইবন আল কালমাউন এলাকার আন্দোলন কর্মীরা জানায়, শহরের ফোন লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বহু অধিবাসী পালিয়ে গেছে। ওদিকে, হোমসে বাবা আমরোর আশেপাশে বিদ্রোহী শিবিরের অবস্থানগুলোতে মঙ্গলবার ভোরেও প্রচণ্ড গোলা হামলা হয়েছে। সকালে গোলা হামলার পর এখন প্রতি ১৫ মিনিট পরপর চলছে একটি করে রকেট হামলা। আটকা পড়েছে শহরের অধিবাসীরা। বন্ধ হয়ে গেছে দোকানপাট, খাবার ও জ্বালানি স্বল্পতায় দেখা দিয়েছে মানবিক সঙ্কট। মঙ্গলবার সকালের দিকে রাস্তান শহরেও গোলা হামলা হওয়ার খবর পাওয়া গেছে। সিরিয়ায় গণআন্দোলন দমনে প্রেসিডেন্ট বাশার আল আসাদের এ বেপরোয়া হামলার নিন্দা করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান নাভি পিলাই। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সিরিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করতে ব্যর্থ হওয়ার কারণেই আসাদ সরকার আরো সোৎসাহে হামলা চালানোর সুযোগ পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সরকারি বাহিনীর দমনপীড়নে এক বছরেরও কম সময়ের মধ্যে সিরিয়ায় প্রায় ৬ হাজার মানুষ মারা গেছে। আন্দোলনকর্মীরা বলছে, কেবল এ বছর ৪ ফেব্র“য়ারি থেকেই হোমস শহরে আসাদ বাহিনীর হামলায় অন্তত ৫০০ মানুষ মারা গেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়া বিরোধী প্রস্তাবনায় রাশিয়া ও চীনের ভেটোর পরই সিরিয়ার হোমস শহরে অবিরাম বোমা হামলা শুরু করে সরকারি বাহিনী। এখন তা ছড়িয়ে পড়ছে অন্যান্য শহরেও। এতে করে সিরিয়াজুড়ে মানবিক সংকট দেখা দেওয়ার ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন নাভি পিলাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/বিসিএস/এলকিউ/২২৫৯ঘ.