মানামা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাহরাইনে গণতন্ত্রপন্থী বিক্ষোভের প্রথম বার্ষিকীর আগে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।
বিক্ষোভকারীদের পেট্রোল বোমার জবাবে টিয়ারগ্যাস ছুড়েছে পুলিশ। বিক্ষোভকারীরা মানামায় পার্ল রাউন্ডাবাউট দখল করার চেষ্টা চালালে এ সংঘর্ষ হয়। গত
বছর এ জায়গাটিই ছিলো বিক্ষোভের কেন্দ্রস্থল।
আরব দেশগুলোর গণঅভ্যুত্থানে উৎসাহিত হয়ে গত বছর ফেব্রয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভ করে বাহরাইনের জনতা। কিন্তু সরকার সামরিক আইন জারি করে এবং সৌদি আরবের সেনাদের সহায়তা নিয়ে বিক্ষোভ দমন করে।
পরে জরুরি অবস্থা উঠে যাওয়ার পর আবার দেশটিতে বিক্ষোভ হয় জুনে এবং ক্রমেই তা দানা বাঁধতে থাকে।
১৪ ফেব্র“য়ারিতে সেই বিক্ষোভের এক বছর পূর্তিকে সামনে রেখে সোমবার সন্ধ্যা থেকেই আবার অশান্ত হয়ে ওঠে বাহরাইন পরিস্থিতি।
হাজার হাজার বিক্ষোভকারী আবার নতুন করে পদযাত্রায় নামে রাজধানী মানামার রাস্তায়। দখল নিতে এগিয়ে যায় পার্ল রাউন্ডাবাউট চত্বরের দিকে।
ওদিকে, বিক্ষোভকারীদের ঠেকাতে আগে থেকেই মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনী। তারা চত্বরটি ঘিরে রাখে। কিন্তু এ বাধা উপেক্ষা করে এগিয়ে যায় বিক্ষোভকারীরা। তারা দেশে সাংবিধানিক রাজতন্ত্র দাবি করেছে।
ওদিকে, বাদশাহ হামাদ বিরোধীদের এ দাবিকে জাতীয় ঐক্যের সঙ্কট বলে বর্ণনা করেছেন। বাহরাইনে অস্থিরতার জন্য তিনি ইরানকে দায়ী করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৩৫৩ঘ.
bdnews24