২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় সহিংসতার নিন্দায় জাতিসংঘ

সিরিয়ায় গণতন্ত্রপন্থি আন্দোলন দমনে সাধারণ নাগরিকদের ওপর প্রেসিডেন্ট বাশার আল আসাদের বেপরোয়া হামলার নিন্দা করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান নাভি পিল্লাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 05:57 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

আম্মান, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ায় গণতন্ত্রপন্থি আন্দোলন দমনে সাধারণ নাগরিকদের ওপর প্রেসিডেন্ট বাশার আল আসাদের বেপরোয়া হামলার নিন্দা করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান নাভি পিল্লাই। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সিরিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করতে ব্যর্থ হওয়ার কারণেই আসাদ সরকার আরো সোৎসাহে হামলা চালানোর সুযোগ পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সোমবার মানবাধিকার বিষয়ক এ হাই কমিশনার পিল্লাই বলেন, নিরাপত্তা পরিষদ সম্মিলিতভাবে কঠোর কোনো সিদ্ধান্ত নিতে না পারার কারণেই সিরিয়া আরো উৎসাহ পেয়ে পুরোদস্তুর হামলা চালিয়ে বিরোধী শিবিরকে নিশ্চিহ্ন করে দিতে চাইছে। বিদ্রোহীদের ওপর রক্তক্ষয়ী দমনাভিযানে মানবতার বিরুদ্ধে অপরাধও সংঘটিত হচ্ছে বলে পিল্লাই সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, সিরিয়া বাহিনীর দমনপীড়ন এবং নির্যাতনের ধরনে ২০১১ সালের মার্চ থেকেই মানবতা বিরোধী অপরাধ হচ্ছে বলে আভাস পাওয়া যায়। এক বছরেরও কম সময়ের মধ্যে এ দমনপীড়নে সিরিয়ায় প্রায় ৬ হাজার মানুষ মারা গেছে। আন্দোলনকর্মীরা বলছে, কেবল এ বছর ৪ ফেব্র“য়ারি থেকেই হোমস শহরে আসাদ বাহিনীর হামলায় অন্তত ৫০০ মানুষ মারা গেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়া বিরোধী প্রস্তাবনায় রাশিয়া ও চীনের ভেটোর পরই সিরিয়ার হোমস শহরে অবিরাম বোমা হামলা শুরু করে সরকারি বাহিনী। এ পরিস্থিতিতে আরব লিগ সিরিয়ায় আরব-জাতিসংঘ যৌথ শান্তিরক্ষা মিশনের প্রস্তাব করে। কিন্তু সিরিয়া সে প্রস্তাবও প্রত্যাখ্যান করে হোমস এ হামলা চালিয়ে যাচ্ছে। এতে করে সিরিয়াজুড়ে মানবিক সংকট দেখা দেওয়ার ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন নাভি পিল্লাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১১৪৪ঘ.