দুবাই, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলনে সিরিয়দের সমর্থন জানিয়েছেন আল কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরি।
আসাদের পতন ঘটানোর জন্য তিনি সিরিয়দেরকে পশ্চিমা কিংবা আরব দেশগুলোর ওপর নির্ভর না করারও আহ্বান জনান।
রোববার ইসলামিক ওয়েবসাইটে প্রকাশিত ‘অনওয়ার্ডস লায়ন্স অব সিরিয়া’ নামের একটি ভিডিওতে এ আহ্বান জানান জাওয়াহিরি।
আট মিনিট ব্যাপী ওই ভিডিওতে তিনি আসাদ বাহিনীর সঙ্গে লড়াইরত সিরীয়দের সহায়তা করার জন্য তুরস্ক, ইরাক, লেবানন ও জর্ডানের মুসলিমদের আহ্বান জানিয়েছেন।
ভিডিওতে সবুজ পর্দার সামনে বসা সাদা পাগড়ি পরা জাওয়াহিরি বলেন, “আহত সিরিয়ায় দিনের পর দিন রক্তক্ষরণ হচ্ছে। ঠেকানো যাচ্ছে না কসাই, কসাইয়ের ছেলে বাশার বিন হাফিজকে (হাফেজ আল- আসাদ)।”
সেইসঙ্গে তিনি আরো বলেন, “তবে সব ধরনের যন্ত্রণা, ত্যাগ, রক্তপাতের পরও সিরিয়ায় আমাদের লোকদের প্রতিরোধ বাড়ছে।”
২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ কমান্ডো বাহিনীর অভিযানে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর জাওয়াহিরি আল কায়েদার নেতা হন।
আল কায়েদার এ নেতা আরো বলেন, “অর্থ, জীবন, মতামত ও তথ্য দিয়ে যে যেভাবে পারে প্রতিটি মুসলিমের উচিত তার সিরীয় ভাইদের সাহায্য করা।”
জাওয়াহিরি আরো বলেন, “আমরা যদি স্বাধীনতা চাই, তবে অবশ্যই আমাদের এ শাসকদের কাছ থেকে মুক্ত হতে হবে। আমরা ন্যায় বিচার চাই। আমাদের এ শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
সেইসঙ্গে তিনি সিরীয়দের বিপ্লব চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের আন্দোলন চালিয়ে যান। স্বাধীনতা বা শ্রদ্ধাভাজন সরকার ছাড়া কোনো কিছু মানবেন না।”
এর আগেও আন্দোলনকারী সিরীয়দের সমর্থন করে একটি ভিডিও ভাষণ দেন জাওয়াহিরি। এটা তার দ্বিতীয় ভাষণ বলে মনে করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬০৭ঘ.
bdnews24