কায়রো, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের এক বছর পূর্তি হয়েছে শনিবার। দিনটিকে কেন্দ্র করে ডাকা সাধারণ ধর্মঘট মিশরের আন্দোলনকারীদের মধ্যকার বিভক্তিকে স্পষ্ট করে তুলেছে।
ব্যাপক গণবিক্ষোভের মুখে গত বছরের ১১ ফেব্র“য়ারি উচ্চপদস্থ কিছু সেনা কর্মকর্তার কাছে ক্ষমতা হস্তান্তর করেন মুবারক। ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত প্রায় ত্রিশ বছর ধরে মিশরের প্রেসিডেন্ট হিসেবে একছত্র ক্ষমতা ভোগ করেন তিনি।
মুবারকের পরিবর্তে দেশের সর্বোচ্চ ক্ষমতা গ্রহণকারী সেনা পরিষদের কাছ থেকে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে চাপ সৃষ্টির জন্যই এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। কিন্তু মুবারক বিরোধী আন্দোলনকারীদের মধ্যে বিভক্তির কারণে ‘গণবিদ্রোহ দিবস’ হিসেবে ঘোষণা দেওয়া স্বৈরাচার পতন পূর্তি দিনের ধর্মঘট ব্যর্থ হয়ে যায়।
ধর্মীয় নেতা থেকে শুরু করে সামরিক সরকার বিরোধী রাজনৈতিক গোষ্ঠিগুলোও এ ধর্মঘটে সমর্থন দেয়নি। স¤প্রতি অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোও প্রধানত প্রগতিশীল তরুণ আন্দোলনকারীদের ডাকা এ ধর্মঘটের বিরোধিতা করে।
ধর্মঘট সত্ত্বেও কায়রো রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর অন্যান্য দিনের মতোই ব্যস্ত। বাস, মেট্রো চলাচলও স্বাভাবিক রয়েছে।
ইউরোপ ও এশিয়াকে সংযুক্তকারী এবং মিশরের রাজস্বের গুরুত্বপূর্ণ উৎস সুয়েজ খালের কার্যক্রমেও ধর্মঘটের কোন প্রভাব পড়েনি বলে জানান এক সরকারি কর্মকর্তা।
উদার ও বামপন্থী সংগঠনগুলো, কিছু শিক্ষার্থী ও স্বাধীন ট্রেড ইউনিয়নগুলোর আহুত এ ধর্মঘটে সমর্থন না দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আহমদ খলিল নামের এক বাস চালক বলেন, “নিজেদের তো খেতে হবেই, সন্তানদেরও খাওয়াতে হবে। প্রত্যেক দিন সকালেই কাজে আসতে হয়। ধর্মঘট বা গণ বিদ্রোহ দিবস- যাই হোক তাতে আমার কিছু যায় আসেনা। কাজ না করলে খাওয়াবে কে?”
একবছর আগে মুবারকের পতনে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী বীরের মর্যাদা পেয়েছিলো। কিন্তু মুবারকের পতনের পর ক্ষমতা গ্রহণ করে এক বছরে তারা খলনায়কে পরিণত হয়েছে। যে দারিদ্রের বিরোধিতা করে ও গণতন্ত্রের দাবিতে জনতা রাজপথে নেমে এসেছিলো তার কিছুই পূরণ করতে পারেনি সামরিক সরকার।
ক্ষমতাসীনদের বিরুদ্ধে অভিযোগ, তারা মুবারক আমলের মতো করেই সবকিছু পরিচালনা করছে।
সামরিক কর্মকর্তারা এ বছরের মাঝামাঝিতে নির্বাচিত প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করলেও তা বিশ্বাস করছে না প্রগতিশীল আন্দোলনকারীরা। কিন্তু পার্লামেন্ট নির্বাচনে ভালো করা ইসলামপন্থী দলগুলো প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত অপেক্ষার সিদ্ধান্ত নিয়েছে বলেই মনে করা হচ্ছে।
সরকার বিরোধী বিদ্রোহের এক বছর পূর্তিতে আন্দোলনের কেন্দ্রস্থল তাহরির স্কয়ারে কয়েকশ’ মানুষ জড়ো হলেও তাদের মধ্যে এক বছর আগের ঐক্য দেখা যায়নি। বিভক্তির সুরই ধ্বনিত হয়েছে।
উপস্থিত অনেকেই এখন সরাসরি সরকার বিরোধী আন্দোলনের প্রতি অনীহা প্রকাশ করেছেন। গত একবছরে অবনতি ঘটা অর্থনীতির পুনরুদ্ধারের যুক্তি দেখিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তারা। তাদের কথা, দেশে এখন স্থিতিশীলতা প্রয়োজন।
ধর্মঘটে তেমন সাড়া না পড়লেও সরকারি ভবনগুলোর সামনে যথারীতি অতিরিক্ত সেনা ও ট্যাঙ্ক মোতায়েন করে রেখেছিলো ক্ষমতাসীনরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/১৫৩৬ঘ.
bdnews24