২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার অ্যালেপ্পোয় বোমা হামলায় নিহত ২৮

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর অ্যালেপ্পোর সামরিক ও নিরাপত্তা বাহিনীর কয়েকটি দপ্তরের বাইরে শুক্রবার দু’টি বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৩৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2012, 04:12 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

আম্মান, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর অ্যালেপ্পোর সামরিক ও নিরাপত্তা বাহিনীর কয়েকটি দপ্তরের বাইরে শুক্রবার দু’টি বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৩৫ জন। রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, বিস্ফোরণে বেসামরিক নাগরিকসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরাও নিহত হয়েছে। এ ঘটনার জন্য ‘সশস্ত্র সন্ত্রাসী চক্রকে’ দায়ী। কিন্তু বিরোধী পক্ষের কর্মীরা এ সহিংসতার পেছনে সরকার জড়িত বলে অভিযোগ করেছে। তবে হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। দু’টি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। সরকারবিরোধী আন্দোলন দমনে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী ক্রমেই আরো নির্মম দমনাভিযান চালাতে শুরু করার পর এ হামলা হলো। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চিত্রে অন্তত ৫ টি মৃতদেহ এবং ছিন্নবিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। অ্যালেপ্পোর সামরিক গোয়েন্দা দপ্তর এবং একটি পুলিশ স্টেশনের বাইরে এ হামলা হয়। গোয়েন্দা ভবন লক্ষ্য করে চালানো হামলায় কাছের একটি পার্কে বোমা বিস্ফোরণ ঘটে। এতে কয়েকজন শিশু নিহত হয় বলে জানিয়েছেন টিভি’র এক সাংবাদিক। টিভি চিত্রে হামলাস্থলে বুলডোজার দিয়ে ধ্বংসস্তুপ সরাতে দেখা গেছে। দেখা গেছে বোমায় উড়ে যাওয়া আশেপাশের আবাসিক কয়েকটি ভবনের জানালাও। দ্বিতীয় বিস্ফোরণস্থলেরও একই দৃশ্য দেখানো হয়েছে টিভিতে। ২য় বোমাটি গাড়িবোমা বলে জানানো হয়েছে খবরে। এ বোমা বিস্ফোরণে রাস্তায় কয়েক মিটার জুড়ে গর্ত সৃষ্টি হয়েছে। উড়ে গেছে একটি লরি। উদ্ধারকর্মীদেরকে মানুষের ছিন্নবিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গ কুড়িয়ে ব্যাগে ভরতে দেখা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮০৮ঘ.