২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মসাল নিয়ে আর্জি তুলে নিলেন ভারতের সেনাপ্রধান

নিজের জন্মসাল নিয়ে সরকারের বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ আদালতে দায়ের করা আর্জি তুলে নিয়েছেন ভারতীয় সেনা প্রধান জেনারেল বিজয় কুমার সিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 06:10 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

নয়াদিল্লি, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-নিজের জন্মসাল নিয়ে সরকারের বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ আদালতে দায়ের করা আর্জি তুলে নিয়েছেন ভারতীয় সেনা প্রধান জেনারেল বিজয় কুমার সিং। সর্বোচ্চ আদালতে দায়ের করা সেনাপ্রধানের পুনর্বিবেচনা আর্জির শুনানিতে আদালত সরকারের পক্ষে অবস্থান নিয়ে সেনাপ্রধানকে আর্জি তুলে নেওয়ার সুযোগ দেয়। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার আর্জিটি প্রত্যাহার করে নেন বিজয় সিং। ভারতীয় সেনাবাহিনীর দুই বিভাগে সেনাপ্রধানের দুই রকম জন্ম তারিখ নিবন্ধিত রয়েছে। এক জায়গায় তার জন্মতারিখ ১৯৫০ সালের ১০ মে, অন্য জায়গায় ১৯৫১ সালের ১০ মে। ১৯৫০ সালের ১০ মে জন্ম তারিখ ধরা হলে সেনাপ্রধান হিসেবে বিজয় সিংয়ের মেয়াদ চলতি বছরের ৩১ মে শেষ হবে। আর ১৯৫১ সালের ১০ মে জন্ম তারিখ হলে তিনি অবসরে যাবেন ২০১৩ সালের মার্চে। সরকার বিজয় সিং-এর জন্ম তারিখ ১৯৫০ সাল ধরে তাকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয়। কিন্তু মেয়াদকাল শেষ হয়ে আসলে বেকে বসেন সেনাপ্রধান। নিজের জন্ম সাল হিসেবে ১৯৫১ সালকে ধরার আর্জি জানাতে থাকেন তিনি। তাতে সেনাপ্রধান হিসেবে বছর খানেক বেশি সময় পান তিনি। কিন্তু সরকার তার আর্জি মেনে নিতে রাজি হয়নি। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এর আগে পদোন্নতির সময় ১৯৫০ সালকে জন্মসাল হিসেবে ধরার জন্য লিখিত দিয়েছিলেন জেনারেল বিজয় সিং। একজন সৈনিক হিসেবে যা যা পাওয়া সম্ভব তার সবই পেয়েছেন জেনারেল বিজয় সিং। কিন্তু তারপরও চাকরির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে সরকারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামায় বিস্ময় প্রকাশ করে আদালত। এ ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত, এমন সিদ্ধান্ত দিয়ে আদালত বিজয় সিংয়ের আইনজীবীদের আর্জিটি প্রত্যাহার করে নেওয়ার সুযোগ দিলে তিনি তা প্রত্যাহার করে নেন। বিজয় সিংয়ের ‘বিশ্বাসযোগ্যতা’, ‘সততা’ বা ‘দক্ষতা’ নিয়ে সন্তুষ্টির কথা আদালতকে জানায় সরকার। মেয়াদ পূর্ণ করার পর সাবেক সেনাপ্রধানের প্রাপ্য সব সম্মান বিজয় সিংকে দেওয়া হবে বলেও সরকার নিশ্চিত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২০০ ঘ.