২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশজুড়ে আরো সেনা ও ট্যাংক নামাবে মিশর

মিশরে হোসনি মুবারকের পতনের বর্ষপূর্তির দিনকে সামনে রেখে বিক্ষোভকারীদের ধর্মঘট কর্মসূচির মুখে দেশজুড়ে আরো সেনা ও ট্যাংক নামানোর ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন জেনারেলরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 10:58 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

কায়রো, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে হোসনি মুবারকের পতনের বর্ষপূর্তির দিনকে সামনে রেখে বিক্ষোভকারীদের ধর্মঘট কর্মসূচির মুখে দেশজুড়ে আরো সেনা ও ট্যাংক নামানোর ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন জেনারেলরা। ১১ ফেব্র“য়ারি গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের বর্ষপূর্তিতে জাতীয় ধর্মঘট পালনের পরিকল্পনা করেছে বিক্ষোভকারীরা। এদিন দ্রুত বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানাবে তারা। তার আগে সেনা শাসকদের দেশজুড়ে আরো বেশি সেনা ও ট্যাংক মোতায়েনের ঘোষণাকে হুমকি হিসেবেই দেখা হচ্ছে। ওদিকে, সেনাপরিষদ এক বিবৃতিতে বলেছে, ব্যক্তি মালিকানাধীন, সরকারি ও জাতীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার জন্য দেশজুড়ে টহল চালাবে তারা। সশস্ত্র বাহিনীর চীফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সামি এনানের উদ্ধৃতি দিয়ে মিশরের সরকারি বার্তা সংস্থা মেনা জানায়, এনান দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার জন্য সাধারণ মিসরীয়দের আহ্বান জানিয়েছেন। ধর্মঘটের পরিকল্পনা দেশকেই পতনের মুখে ঠেলে দেওয়ার চক্রান্ত বলে মন্তব্য করেছেন মিশরের প্রধানমন্ত্রী কামাল আল গানজুরি। দেশকে সঙ্কট ও বিপদমুক্ত করতে জনগণকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৪৭ঘ.