মালে, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মালদ্বীপের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মাদ নাশিদ ও তার প্রতিরক্ষামন্ত্রী ইব্রাহীম খলিফানুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির একটি ফৌজদারি আদালত।
তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ‘স্পষ্ট নয়’ বলে উল্লেখ করেছেন নাশিদের দল মালদ্বীপ ডেমোক্রাটিক পার্টির (এমডিপি) এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
এমডিপি কর্মকর্তা আদম মানিক বৃহস্পতিবার রয়টার্সকে বলেন, “কী অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে- সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই।”
নাশিদকে গ্রেপ্তার করতে পুলিশ ও সেনাবাহিনী রওনা হয়ে গেছে বলেও দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
ওদিকে, নাশিদের পরিবার শ্রীলঙ্কায় পালিয়ে গেছে এমন খবরও পাওয়া গেছে। শ্রীলংকার প্রেসিডেন্টের এক মুখপাত্র নাশিদের স্ত্রী ও মেয়ের কলোম্বোয় পৌঁছানোর খবর দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
২০০৮ সালে মালদ্বীপে প্রথমবারের মতো অনুষ্ঠিত গণতান্ত্রিক নির্বাচনে দীর্ঘদিনের প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমকে হারিয়ে নির্বাচিত হন নাশিদ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বলিষ্ঠ বক্তব্য দিয়ে তিনি দ্রুত পরিচিতি পান।
কিন্তু সরকারের নির্দেশে গত মাসে এক জ্যেষ্ঠ বিচারক গ্রেপ্তার হওয়ার পর মামুন আব্দুল গাইয়ুমের সমর্থকরা রাজপথে বিক্ষোভ শুরু করে। সোমবার পুলিশ বাহিনীর একটি অংশ তাদের সঙ্গে যোগ দিলে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।
পুলিশ বাহিনীর সদ্যসরা মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনের নিয়ন্ত্রণ নিয়ে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানায়। এর কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগ করে ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ হাসানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন নাশিদ।
বুধবার নিজ দলের এক বৈঠকের পর সাংবাদিকদের নাশিদ জানান, তাকে বন্দুকের নলের মুখে পদত্যাগে বাধ্য করা হয়েছে।
তিনি বলেন, “ আমার চারপাশ ঘিরে ছিলো বন্দুক এবং তারা বলছিলো আমি পদত্যাগ না করলে ওই বন্দুক ব্যবহার করতে তারা কোনো দ্বিধা করবে না।”
কিন্তু কে বা কারা তাকে বন্দুকের নলের মুখে রেখেছিল সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি নাশিদ। তবে তার এক সহযোগী বলেছেন, সেনাবাহিনীই তাকে ক্ষমতা থেকে সরিয়েছে।
বুধবার সমর্থকরা নাশিদকে ক্ষমতায় ফেরানোর দাবিতে রাস্তায় বিক্ষোভ করলে ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে বিক্ষোভকারী ছত্রভঙ্গ করে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/জেকে/১৫০০ ঘ.
bdnews24