মালে, ফেব্র“য়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মেদ নাশিদের সমর্থকরা বুধবার তাকে ক্ষমতায় ফেরানোর দাবিতে রাস্তায় বিক্ষোভ শুরু করেছে। ছড়িয়ে পড়েছে সংঘর্ষ। পুলিশ লাঠিচার্জ করে টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা চালাচ্ছে।
নাশিদ বুধবার বন্দুকের নলের মুখে পদত্যাগ করার কথা জানানোর পরপরই রাজধানী মালের রাস্তায় বিক্ষোভে নামে তার সমর্থকরা। অভ্যুত্থানের নিন্দা জানিয়ে নাশিদকে ক্ষমতায় ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভে অংশ নেয় প্রায় ৩ হাজার মানুষ।
পুলিশ ক্ষুব্ধ সমর্থকদের বাধা দিতে গেলে দুপক্ষে সংঘর্ষ বেধে যায়। এ সময় টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় পুলিশ। নাশিদের পার্টির ভাষ্যমতে, নাশিদ নিজেও পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন।
মালদ্বীপে সরকারবিরোধী বিক্ষোভ ও পুলিশ সদস্যদের বিদ্রোহের মুখে মঙ্গলবার পদত্যাগ করেন নাশিদ।
তার পদত্যাগের পরপরই দেশের নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ হাসান। হাসানের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা উল্লেখ করেন স্বয়ং নাশিদও।
কিন্তু বুধবার নিজ দলের এক বৈঠকের পর সাংবাদিকদের নাশিদ জানান, তাকে বন্দুকের নলের মুখে পদত্যাগে বাধ্য করা হয়েছে।
তিনি বলেন, “ আমার চারপাশ ঘিরে ছিলো বন্দুক এবং তারা বলছিলো আমি পদত্যাগ না করলে ওই বন্দুক ব্যবহার করতে তারা কোনো দ্বিধা করবে না।”
কিন্তু কে বা কারা তাকে বন্দুকের নলের মুখে রেখেছিল সে ব্যাপারে নাশিদ বিস্তারিত কিছু বলেননি। তবে তার এক সহযোগী বলেছেন, সেনাবাহিনীই তাকে ক্ষমতা থেকে সরিয়েছে।
পদত্যাগের পর প্রথম প্রতিক্রিয়ায় নাশিদ তাকে ক্ষমতা থেকে সরানোর এ চক্রান্ত খতিয়ে দেখা হবে বলে জানানোর পাশাপাশি তার উত্তরসূরি ওয়াহিদ হাসানকে পদত্যাগের আহ্বান জানান। পুলিশ কোনো শক্তি প্রয়োগ করলে তার সমর্থকরা বিক্ষোভে রাস্তায় নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নাশিদের এ বক্তব্যের পরপরই রিপাবলিক স্কয়ারে বিক্ষোভে জড়ো হয় তার হাজার হাজার সমর্থক। তৎক্ষণাৎ বিক্ষোভ ছত্রভঙ্গ করতে তৎপর হয় পুলিশও।
নাশিদের মালদ্বীপ ডেমোক্র্যাটিক পার্টি (এমডিপি) জানিয়েছে, পুলিশ তাকে পিটিয়েছে এবং এ পরিস্থিতিতে নাশিদ আন্তর্জাতিক সহায়তা কামনা করেছেন। এক বিবৃতিতে এমডিপি পুলিশের এ আচরণের তীব্র নিন্দা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমডি/এলকিউ/২১৫৯ঘ.
bdnews24