মস্কো, ফেব্র“য়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান বিশ্বব্যাপী মার্কিন বাহিনীর ওপর হামলা চালাতে সক্ষম। মস্কোয় ইরানি রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে বুধবার একথাই জানিয়েছে রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা।
ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করার লক্ষ্যে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরেক দফা কঠোর করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি ইরান সরকার সংশ্লিষ্ট সম্পদ জব্দ করার ক্ষমতা দিয়েছেন মার্কিন ব্যাংকগুলোকে।
সোমবার হোয়াইট হাউস থেকে বলা হয়, রোববার এক নির্বাহী আদেশ স্বাক্ষর করে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরো কঠোর করেছেন ওবামা, যাতে নিষেধাজ্ঞার ফাঁক খুঁজে তেহরান কোনো সুবিধা নিতে না পারে।
এর পরপরই মস্কোয় ইরানি রাষ্ট্রদূত সাঈদ মাহমুদ-রেজা সাজ্জাদি এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা চালালে ভুল করবে। যদিও ওয়াশিংটন ইরানে হামলা চালানোর কোনো পরিকল্পনা এখানো জানান দেয়নি।
তারপরও এমন কিছু হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ইরান। সাজ্জাদির কথায়ই তা স্পষ্ট।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেছেন, “আমেরিকানরা ভালো করেই জানে ইরান কি এবং ইরানের সম্ভাবনা কতটুকু। ইরান বিশ্বব্যাপী মার্কিন বাহিনীকে পাল্টা জবাব দেওয়ার মতো ভালো অবস্থায়ই আছে। ইরানে হামলা করাটা তাদের জন্য আত্মহত্যার শামিল হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এসইউ/এলকিউ/২০৫২ঘ.
bdnews24