২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভয়াবহ গোলাবর্ষণে লন্ডভন্ড সিরিয়ার হোমস

এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ গোলা হামলার শিকার হচ্ছে সিরিয়ার হোমস শহর। বুধবার শহরটিতে হামলা ৫ম দিনে গড়িয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অনুগত বাহিনীর অবিরাম মর্টার ও রকেট হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 09:45 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

আম্মান, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ গোলা হামলার শিকার হচ্ছে সিরিয়ার হোমস শহর। বুধবার শহরটিতে হামলা ৫ম দিনে গড়িয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অনুগত বাহিনীর অবিরাম মর্টার ও রকেট হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে। সিরিয়ায় শান্তির আহ্বান জানিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দামেস্ক সফরের পরদিনই হোমসে নতুন করে এ হামলা শুরু হয়েছে। এ নিয়ে গত দুদিনে সেনাবাহিনীর হামলায় বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১৫০ জনে। আসাদের বিরোধীপক্ষের নিয়ন্ত্রণে থাকা হোমসের ইনসাত এলাকায় সেনাবাহিনীর ট্যাঙ্ক ঢুকে পড়ে বিদ্রোহীদের সবচেয়ে সুরক্ষিত কেন্দ্র বাব আমরো এলাকার দিকে এগিয়েছে। হোমস থেকে আন্দোলনকর্মী মোহাম্মাদ আল-হাসান বলেন, ইনসাতের কুবাব মসজিদ ও হিকমেহ হাসপাতালে ট্যাঙ্ক ঢুকে পড়েছে । তারা বাবা আমরোর কাছাকাছি পৌঁছে গেছে এবং কারম আল-জায়তুন ও আল-বায়াদাতে বোমা বর্ষণের শব্দ পাওয়া যাচ্ছে। মঙ্গলবার মধ্যরাত থেকে চলা হামলায় ৪৭ জনের মৃতদেহ তিনি গুনেছেন বলে জানান। বাব আমরো, আল বায়াদা, আল খালিদিয়া এবং ওয়াহিদ আল আরব এলাকায় সকাল থেকেই জোর বোমাবর্ষণ চলছে বলেও জানান হাসান। তিনি বলেন, মর্টার এবং রকেট হামলা কমে এসেছে। কিন্তু ভারি মেশিনগান এবং বিমান বিধ্বংসী অস্ত্রের প্রচণ্ড হামলা চলছে। শহরের প্রধান প্রধান এলাকাগুলোতে চলছে ট্যাংক হামলা এবং এগুলো শহরের আবাসিক এলাকাগুলোর গভীরে প্রবেশের চেষ্টায় আছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের কাছ থেকে রক্তক্ষয় বন্ধের প্রতিশ্র“তি পাওয়ার পরও হোমস শহরে সেনাবাহিনীর হামলা বন্ধ হয়নি। ওদিকে, হোমস শহরে এ হত্যাযজ্ঞের কারণে পশ্চিমা ও আরব রাষ্ট্রগুলো আসাদকে আরো একঘরে করার চেষ্টা চালাচ্ছে। আসাদের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিয়ে এগিয়ে আসতে তৎপর হয়েছে তুরস্ক। তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, পশ্চিমা বিশ্ব, আরব ও অন্যান্যদের একাট্টা করে একটি উদ্যোগ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। তুরস্ক সরকার সংশ্লিষ্ট একটি পত্রিকায় বলা হয়েছে, তুরস্ক আরব ও পশ্চিমা নেতাদেরকে নিয়ে ইস্তাম্বুলে একটি সম্মেলন করার পরিকল্পনা করেছে। ওদিকে, আসাদকে পদত্যাগের আহ্বান জানানো দেশগুলো ইতোমধ্যেই রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার পরিকল্পনা করেছে। কারণ, আসাদের পদত্যাগের শর্তে কোনো শান্তি আলোচনার বিরোধিতায় এখনো অটল বলে জানিয়েছে রাশিয়া। এর আগে মঙ্গলবার সিরিয়া সফরকালে আসাদের সঙ্গে বৈঠকের সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, মস্কো আরব বিশ্বে শান্তি দেখতে চায়। তার এ ইচ্ছায় সাড়া দিয়ে আসাদ রক্তপাত বন্ধ করবেন এমন প্রতিশ্র“তিও দিয়েছেন বলে জানান ল্যাভরভ। কিন্তু এরপরও হোমস শহরে ভয়াবহতম গোলা হামলা বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/২০১৫ঘ.