হংকং, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-হংকংয়ে গিয়ে দ্বিতীয় সন্তান নেওয়ার খেসারত দিতে হচ্ছে চীনা অভিভাবকদের। চীনের এক সন্তান নীতি লঙ্ঘনের দায়ে তাদেরকে গুনতে হচ্ছে জরিমানা।
চীন কর্তৃপক্ষ ইতোমধ্যেই দ্বিতীয় সন্তান গ্রহণকারী বাবা-মা’দেরকে জরিমানা করার সিদ্ধান্তের কথা জানিয়েছে।
দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে চীনা নারীরা হংকংয়ে গিয়ে ভিড় করতে থাকায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে চীনের গণমাধ্যমগুলো।
হংকংয়ে দ্বিতীয় সন্তান জন্ম দেওয়া চীনা নারীরা বাড়ি ফেরার পর তাদেরকে জরিমানা দিতে হবে। চীনের গুয়ানডং প্রদেশের পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক ঝেং ফেঙ একথা জানিয়েছেন।
এ জরিমানার অঙ্ক কতো তা বলেননি ফেঙ। তবে গুয়ানডং প্রদেশের সরকারী ওয়েবসাইটে দেওয়া এক নোটিশ সূত্রে জানা গেছে, আইন লঙ্ঘনকারীদের মাথাপিছু প্রকৃত আয়ের ছয়গুণ অর্থ জরিমানা করা হয়েছে।
বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীনে জন্মনিয়ন্ত্রণ করতে ১৯৭৯ সালে এক সন্তান নীতি গ্রহণ করে সরকার। তবে আইনটির প্রয়োগ ইদানিং কিছুটা শিথিল হয়েছে।
ওদিকে, চলতি বছর মূলভূখন্ডের প্রায় ৩৪ হাজার চীনা নারীকে সন্তান জন্মদানের অনুমতি দিয়েছে হংকং।
চীনারা হংকংয়ের মাতৃসদনগুলোর ভাড়া নিয়ে নিতে থাকায় আগামী সেপ্টেম্বর পর্যন্ত এগুলোতে কোনো সিট খালি থাকছে না।
চীনের এক সন্তান নীতি এড়ানোর পাশাপাশি অন্যতম শীর্ষ ধনী নগরীর আবাসিক অধিকার পাওয়ার উদ্দেশ্যে হংকংয়ে জড়ো হচ্ছে মূলভূখন্ডের চীনারা।
এ ধরনের অধিবাসীর সংখ্যা বাড়তে থাকায় হংকং কর্তৃপক্ষ সেখানে সন্তান জন্ম দেওয়া আর কোনো নারীকে বসবাসের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬১৬ঘ.
bdnews24