ভাকুরাই, উত্তর প্রদেশ, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের প্রধানমন্ত্রী পদের জন্য কোনো মোহ নেই বলে দাবি করেছেন ভারতীয় কংগ্রেস পার্টির অন্যতম সাধারণ সম্পাদক রাহুল গান্ধী।
সোমবার ভারতের উত্তর প্রদেশে নির্বাচনী প্রচারণা চালানোর সময় এক সংবাদ সম্মেলনে নেহেরু-গান্ধী পরিবারের উত্তরসূরী রাহুল বলেছেন, “প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাহুল গান্ধী লালায়িত নয় বরং রাহুল গান্ধীর আকাঙ্খা জনগণের জন্য কাজ করা।”
কংগ্রেস পার্টির অনেক সদস্যই রাহুল গান্ধীকে ‘যুব সম্রাট’ বলে ডাকেন। তারা মনে করেন, ইচ্ছা করলেই রাহুল হতে পারেন ভারতের প্রধানমন্ত্রী।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আগামীকাল সকালে ঘুম থেকে উঠে তিনি যদি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তাহলে সঙ্গে সঙ্গেই তিনি তা হয়ে যাবেন। শুধু প্রক্রিয়াকরণে একটু সময় ব্যয় হবে।”
কিন্তু রাহুলের সে রকম কোনো ইচ্ছা নেই। তিনি প্রধানমন্ত্রী না হয়ে উত্তর প্রদেশের তৃণমূল রাজনীতিতে মনোযোগ দিয়েছেন। ভারতের জাতীয় রাজনীতিতে এ রাজ্যটির প্রভাব অপরিসীম। রাজ্যটিতে নির্বাচনে কংগ্রেস ভালো ফল করতে চাইছে। নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দিচ্ছেন রাহুল।
কংগ্রেস পার্টির সদস্য ও সমর্থকদের ধারণা, বর্তমান কংগ্রেস সরকারের সঙ্কটগুলো পর্যবেক্ষণ করছেন রাহুল। তার লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে কংগ্রেসের জন্য দৃঢ় সমর্থন গড়ে তোলা। যার ফল পাওয়া যাবে ভবিষ্যতে। ভবিষ্যতে দীর্ঘ সময়ের জন্য কংগ্রেসকে ভারতের কেন্দ্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করাই তার লক্ষ্য। পাশাপাশি তিনি নিজেও দীর্ঘ সময় ধরে ভারতের প্রধানমন্ত্রী থাকার কৌশল নিয়ে এগোচ্ছেন।
“রাহুলের কোনো তাড়া নেই, তিনি কোনো পদ দখল করতে চান না, তিনি পদ অর্জন করতে চান। সহজ কোনো পথে এটি অর্জনও তিনি করতে চান না। তিনি দূূরপাল্লার রেসের ঘোড়া, তার লক্ষ্য অনেক দূর বিস্তৃত,” জানান কেন্দ্রীয় ওই মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এসইউ/১৩৩৩ ঘ.
bdnews24