তেহরান, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হামলায় সহায়তাকারী যে কোনো দেশের ওপর পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান।
দেশটির সামরিক বাহিনী রেভোল্যুশনারি গার্ডের উপপ্রধান হোসেইন সালামি রোববার এ হুমকি দেন।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্সকে তিনি বলেন, “ইরানের বিরুদ্ধে শত্র“দের অভিযানে ব্যবহৃত যে কোনো স্থান আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিশোধমূলক আগ্রাসনের লক্ষ্যস্থল হবে।”
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে তেহরানের উত্তেজনার মধ্যেই নিজেদের সামরিক শক্তির প্রমাণ দিতে শনিবার দুদিনের সামরিক মহড়া শুরু করেছে রেভোল্যুশনারি গার্ড।
গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেটার উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, তেহরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখতে এপ্রিল মাসে ইরানের ওপর ইসরায়েলের হামলা চালাতে পারে বলে তিনি মনে করেন।
পরমাণু কর্মসূচির আড়ালে ইরান পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা চালাচ্ছে বলে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্র দেশগুলোর আশঙ্কা রয়েছে।
এ কর্মসূচি থেকে তেহরানকে বিরত রাখতে গত বড় দিনের কাছাকাছি সময়ে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। কোনো প্রতিষ্ঠান ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন করলে যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থা থেকে তার অনুমোদন বাতিল করার আইন করেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এ দেশটি।
ওই নিষেধাজ্ঞার পরপরই ইরানের তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী ১ জুলাই থেকে ইরানের তেল রপ্তানি বন্ধ করার ঘোষণা দিয়েছে তারা।
এর আগে ইরানের ওপর যে কোনো সামরিক হামলার জবাবে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যের এ দেশটি। এছাড়া পশ্চিমাদের তেল নেওয়ার নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকিও দেয় ইরান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২৩১১ ঘ.
bdnews24