২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিষোধাজ্ঞায় পরমাণু কার্যক্রম বন্ধ করবে না ইরান

নিষেধাজ্ঞার কারণে তেল রপ্তানি বন্ধ হলেও পরমাণু কর্মসূচি থেকে ইরান একটুও সরে আসবে না বলে জানিয়েছেন দেশটির তেলমন্ত্রী রোস্তম কাসেমি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 05:11 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

তেহরান, ফ্রেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিষেধাজ্ঞার কারণে তেল রপ্তানি বন্ধ হলেও পরমাণু কর্মসূচি থেকে ইরান একটুও সরে আসবে না বলে জানিয়েছেন দেশটির তেলমন্ত্রী রোস্তম কাসেমি। শনিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। ইরনা জানানয়, কাসেমি সাংবাদিকদের বলেছেন, “এক ফোটা তেল বিক্রি করতে না পারলেও আমরা পরমাণু কর্মসূচির সামান্যতম বাদ দেবো না।” এ সময় ইরানের তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা বিষয়ক সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান তিনি। আগামী ১ জুলাই থেকে ইরানের তেল আমদানি বন্ধের একটি সিদ্ধান্ত গত সপ্তাহে নেয় ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন। এর প্রতিক্রিয়ায় কাসেমি বলেন, ইউরোপের কয়েকটি দেশে তারা তেল রপ্তানি বন্ধ করে দেবেন। “বাকি দেশগুলোর বিষয়ে আমরা পরে সিদ্ধান্ত নেব,” বলেন তিনি। ২০১১ সালের শেষ চার মাসে ইরান তাদের মোট অপরিশোধিত তেল বিক্রির এক-চতুর্থাংশ বিক্রি করেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কাছে। ইরানের তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হলে বিশ্ব বাজারে তেলের সরবরাহে সংকট দেখা দেবে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা রয়েছে। গত বছরের শেষদিকে বড়দিনের প্রাক্কালে ইরানের ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তাতে বলা হয়, কোনো প্রতিষ্ঠান ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন করলে যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থা থেকে তার অনুমোদন বাতিল করা হবে। যুক্তরাষ্ট্রের ওই নিষেধাজ্ঞার পরপরই ইরানের তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা নিয়ে সক্রিয় হয় ইউরোপীয় ইউনিয়ন। ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে বলে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্র দেশগুলোর আশঙ্কা। তবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে তাদের এ পরমাণু কর্মসূচি বলে দাবি করে আসছে তেহরান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/২৩০৭ ঘ.