কাবুল, ফেব্র“য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে আফগানিস্তানে ২০১১ সালে ‘সর্বাধিক’ সংখ্যক বেসামরিক মানুষ হতাহত হয়েছে বলে জাতিসংঘ বলেছে।
শনিবার আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশনের (ইউএনএএমএ) এক প্রতিবেদনে বলা হয়, আফগান যুদ্ধে গত পাঁচ বছর ধরে বেসামরিক মানুষ হতাহতের সংখ্যা বেড়েই চলেছে এবং ২০১১ সালে এ সংখ্যা আগের বছরগুলোর তুলনায় সবচেয়ে বেশি।
জাতিসংঘের হিসাবে ২০১১ সালে আফগানিস্তানে মোট তিন হাজার ২১ জন বেসামরিক নাগরিক নিহত হয় যেখানে ২০১০ সালে এ সংখ্যা ছিল দুই হাজার সাতশ’ ৯০ এবং ২০০৯ সালে ছিল দুই হাজার চারশ’ ১২।
জাতিসংঘ প্রতিবেদনে বলা হয়, এ বছর নিহতদের বেশিরভাগই জঙ্গি হামলায় প্রাণ হারায়। হামলায় ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) ব্যবহার ছিল অনেক বেশি এবং আত্মঘাতী হামলায় অনেকে হতাহত হয়।
সশস্ত্র লড়াইয়ে বেসামরিকদের সুরক্ষা বিষয়ক বার্ষিক ওই প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে ২০১১ সালে জঙ্গি হামলায় মোট দুই হাজার তিনশ’ ৩২ জন নিহত হয় যা আগের বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি এবং এ বছর মোট বেসামরিক নিহতের ৭৭ শতাংশ।
এ বছর মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর হামলায় চারশ’ ১০ জন নিহত হয় যা মোট নিহতের সংখ্যার ১৪ শতাংশ।
এদের মধ্যে একশ’ ৮৭ জন ন্যাটোর বিমান হামলায় নিহত হয় জানিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, ন্যাটো হামলায় নিহতের এ সংখ্যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ বেশি।
নিহতদের মধ্যে দুইশ’ ৭৯ জন কোন পক্ষের হামলায় নিহত হয় সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়।
আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বিশেষ প্রতিনিধি জন কুবিস বলেন, “এ যুদ্ধে আফগান নারী, শিশু ও পুরুষ ধারাবাহিকভাবে আরো বেশি সংখ্যায় প্রাণ হারাচ্ছে।”
“দীর্ঘদিন ধরে আফগানিস্তানের বেসামরিক মানুষ এ যুদ্ধের জন্য সর্বোচ্চ মূল্য দিয়ে আসছে। ২০১২ সালে বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা যাতে আরো না বাড়ে সেজন্য যুদ্ধরত উভয় পক্ষকে বেসামরিকদের রক্ষায় প্রচেষ্টা অবশ্যই বাড়াতে হবে।”
এ প্রতিবেদন প্রকাশের পর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিল্লাই।
তিনি বলেন, বছরের পর বছর বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা বেড়ে চলাটা ‘খুবই উদ্বেগজনক’।
২০০১ সালে শুরু হওয়া এ যুদ্ধে ২০০৭ সাল থেকে এ পর্যন্ত ১১ হাজার আটশ’ ৬৪ জন বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন বলে জাতিসংঘ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/১৯২০ ঘ.
bdnews24