বৈরুত, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার হোমস শহরে সরকারি বাহিনীর গোলা হামলায় ২ শতাধিক মানুষ নিহত হয়েছে। এতে আহত হয়েছে শতাধিক মানুষ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শনিবার মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে।
প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা ছেড়ে দিতে আরব লিগের আহ্বানের প্রতি সমর্থন জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে খসড়া একটি প্র্রস্তাবে ভোট হওয়ার আগে এ ঘটনা ঘটল।
যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থাটির প্রধান রামি আব্দুল রহমান রয়টার্সকে বলেন, “হোমস শহরে অন্ততপক্ষে ২শ’ ১৭ জন নিহত হয়েছে। এদের খালিদিয়া জেলাতেই প্রাণ হারিয়েছে ১শ’ ৩৮ জন।”
তিনি বলেন, “বিভিন্ন স্থান থেকে সিরিয়ার সরকারি বাহিনী এ জেলায় মর্টার হামলা চালাচ্ছে। কয়েকটি ভবনে আগুন লেগে গেছে। কিছু কিছু ভবন আবার বিধ্বস্তও হয়েছে।”
তবে সিরিয়ায় স্বাধীন গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা থাকায় মানবাধিকার প্রতিষ্ঠান বা সরকারি গণমাধ্যমের বক্তব্যের সত্যতা যাচাই করা সম্ভব নয়।
আরব লিগের পরিকল্পনার অংশ হিসেবে আসাদকে পদত্যাগে বাধ্য করতে শনিবার নিরাপত্তা পরিষদে ইউরোপীয়-আরব উত্থাপিত খসড়া প্রস্তাবে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।
তবে রাশিয়া খসড়া এ প্রস্তাবের পক্ষে না বিপক্ষে ভোট দেবে তা স্পষ্ট নয় বলে কূটনীতিকরা জানিয়েছে। সিরিয়ায় নিরাপত্তা পরিষদের বিভিন্ন পদক্ষেপের উদ্যোগে রাশিয়া সবসময়ই বিরোধিতা করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১১৭ ঘ.
bdnews24