ঢাকা, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিবাসন নীতিতে ফের কঠোর শর্ত আরোপ করেছে যুক্তরাজ্য। নির্দিষ্ট পরিমাণ অর্থ আয় না করতে অভিবাসন প্রত্যাশীদের নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছে তারা।
এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ উন্নয়নশীল দেশগুলোর নাগরিকরা ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাজ্যের অভিবাসন বিষয়কমন্ত্রী ড্যামিয়েন গ্রিন বৃহস্পতিবার এক ঘোষণায় এ বিষয়ক দুটি শর্তের কথা উল্লেখ করেন বলে শুক্রবার ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানায়।
গ্রিনের উদ্ধৃতি দিয়ে পিটিআই’র প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বাইরে থেকে যাওয়া কর্মজীবীদের মধ্যে প্রথম পাঁচ বছর পর যাদের বার্ষিক আয় ৩১ হাজার পাউন্ডের কম হবে তাদের দেশে ফিরে যেতে হবে। যারা এর চেয়ে বেশি আয় করবেন শুধু তারাই যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন।
দ্বিতীয় প্রস্তাবে গ্রিন বলেন, যুক্তরাজ্যের নাগরিক ও স্থায়ীভাবে বসবাসকারীদের মধ্যে যারা বিদেশি স্বামী বা স্ত্রীকে সেখানে নিয়ে যেতে চান তাদের অন্তত ২৫ হাজার পাউন্ড বার্ষিক আয় দেখাতে হবে।
“দেশের ওপর অর্থনৈতিক নির্ভরশীলতা আমদানি করা অগ্রহণযোগ্য,” বলেন গ্রিন। ইউরোপের বেশ কয়েকটি দেশ বর্তমানে অর্থনৈতিক সঙ্কটে রয়েছে, যার প্রভাব পড়েছে পুরো মহাদেশে।
এর আগে শিক্ষার্থী ভিসায় পড়তে যাওয়া অইউরোপীয়দের জন্য শিক্ষাপরবর্তী সময়ে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করে দেশটি।
গ্রিনের এ ঘোষণার পরে ইতোমধ্যেই ‘ধনী অভিবাসীদের’ সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া দেশটির তরুণ নাগরিকদের ভারত, পাকিস্তান, বাংলাদেশসহ এ ধরনের দেশ থেকে স্বামী বা স্ত্রী গ্রহণে নিরুৎসাহিত করার জন্যই এ নিয়ম করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এএইচ/এমআই/১৩২১ ঘ.
bdnews24