২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে ম্যালেরিয়ায় মৃতের সংখ্যা ধারণার দ্বিগুণ

সাম্প্রতিক সময়ে বিশ্বে ম্যালেরিয়ায় মৃতের সংখ্যা সম্পর্কে যে ধারণা করা হয়েছিল, প্রকৃত সংখ্যা তার দ্বিগুণ। তবে এরপরও রোগটি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2012, 07:58 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

লন্ডন, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাম্প্রতিক সময়ে বিশ্বে ম্যালেরিয়ায় মৃতের সংখ্যা সম্পর্কে যে ধারণা করা হয়েছিল, প্রকৃত সংখ্যা তার দ্বিগুণ। তবে এরপরও রোগটি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত সা¤প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে বলে বিবিসি জানায়। যুক্তরাজ্যের চিকিৎসা সাময়িকী ‘দ্য ল্যানচেট’-এ এই গবেষণা ফলাফল প্রকাশিত হয়েছে। ১৯৮০- ২০১০ সাল পর্যন্ত ম্যালেরিয়ার ডাটাবেজ তৈরি করতে এ গবেষণায় নতুন তথ্য ও কম্পিউটারের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। এতে বলা হয়, মশাবাহিত এ রোগে ১৯৮০ সালে সারা বিশ্বে ৯ লাখ ৯৫ হাজার মানুষের মৃত্যু হলেও ২০০৪ সালে তা বেড়ে ১৮ লাখ ৮২ হাজারে দাঁড়ায়। অবশ্য ২০১০ সালে তা কমে ১২ লাখ ৪০ হাজারে নেমে আসে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ২০১০ সালে এ রোগে ৬ লাখ ৫৫ হাজার মানুষের মৃত্যু হয়। পরিসংখ্যানগত পার্থক্য থাকলেও এ রোগে মৃত্যুহার যে দিন দিন কমছে দুটো গবেষণাতেই তা উল্লেখ করা হয়েছে। ম্যালেরিয়ায় আফ্রিকার ছোট ছোট শিশুরা বেশি মারা গেলেও গবেষকরা আগের তুলনায় ম্যালেরিয়ায় তুলনামূলকভাবে বড় শিশু ও প্রাপ্তবয়স্কদের মৃত্যুহার বাড়ার প্রবণতা লক্ষ্য করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১০ সালে এ রোগে মৃত্যুর যে হিসেব করেছে তার চেয়ে আরো ৪ লাখ ৩৩ হাজার জন পাঁচ বছরের বেশি বয়সী শিশু ও প্রাপ্তবয়স্ক ব্যক্তির মৃত্যুর তথ্য পাওয়া গেছে এ গবেষণায়। প্রধান গবেষক ও ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ড. ক্রিস্টোফার মুরে বলেন, “হাসপাতাল রেকর্ড, মৃত্যুর রেকর্ড, জরিপ ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, শিশুরা ম্যালেরিয়ায় আক্রান্ত হলেও বড়দের তুলনায় সাধারণত তাদের মৃত্যুহার কম।” স্বল্পমেয়াদে ম্যালেরিয়া নির্র্মূল সম্ভব নয় উল্লেখ করে গবেষকরা আরো জানান, তাদের হিসেব অনুযায়ী ২০০৪ সালের পর এ রোগে মৃত্যুর সংখ্যা কমতে থাকলেও কেবল ২০২০ সালের পরই তা ১ লাখের নিচে নেমে আসবে। ল্যানচেটের সম্পাদক রিচার্ড হর্টন বিবিসিকে বলেন, “ম্যালেরিয়ায় মৃত্যুর সংখ্যা এ গবেষণায় নতুনভাবে হিসেব করা হয়েছে। গবেষকরা এখানে অতিরিক্ত তথ্য ও মৃত্যুহার হিসেব করতে উন্নত গাণিতিক মডেল ব্যবহার করেছেন।” গবেষণায় মৃত্যুর ‘উদ্বেগজনক’ সংখ্যা পাওয়া গেলেও তার মতে, এ রোগটি যে নিয়ন্ত্রণ করা যেতে পারে ও বর্তমানে নিয়ন্ত্রণেই রয়েছে এটাই হলোর গবেষণার মূল তথ্য। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৪৪ ঘ.