কাবুল, ফেব্র“য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে ২০১৩ সালে যুদ্ধাভিযান শেষ করতে চায় যুক্তরাষ্ট্র। দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমার এক বছরেরও বেশি সময় আগে যুদ্ধ বন্ধের এ পরিকল্পনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিও পানেত্তা।
বুধবার পানেত্তা জানান, ২০১৩ সাল শেষের আগেই আফগানিস্তানে লড়াই বন্ধ করে আফগান সেনাদের প্রশিক্ষণ ও সহায়তা দেওয়ার কাজ করবে মার্কিন সেনারা।
ব্রাসেলসে ন্যাটো সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় তিনি বলেন, “২০১৩ সালের শেষভাগের মাঝামাঝি সময়ে আমরা লড়াই থেকে সরে গিয়ে প্রশিক্ষণ, পরামর্শ ও সহযোগীর ভূমিকায় চলে যেতে পারবো বলে প্রত্যাশা করছি।”
এই প্রথম যুক্তরাষ্ট্রের উর্ধ্বতন কোনো কর্মকর্তা মার্কিন সেনাবাহিনীর কাজের ধরন বদলানের সময়সূচি সম্পর্কে কিছু জানালেন।
আফগানিস্তানে বর্তমানে ৯৯ হাজার মার্কিন সেনা রয়েছে। এদের মধ্যে ২২ হাজার সেনা ২০১২ সালের মধ্যেই প্রত্যাহার করে নেয়া হবে। ২০১২ সালের পরে আফগানিস্তানে প্রায় ৬৮ হাজার মার্কিন সেনা থেকে যাওয়ার কথা রয়েছে।
আর ২০১৪ সালের শেষ নাগাদ সব মার্কিন সেনা আফগানিস্তান ছেড়ে যাওয়ার কথা।
আফগানিস্তান যুদ্ধ আগেভাগেই শেষ করার এ পদক্ষেপ নির্বাচনের আগে প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের জনসমর্থন বাড়ানোর কৌশল বলেই মনে করা হচ্ছে।
ওবামা এ বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে পুনর্র্নিবাচিত হওয়ার আশা করছেন। যুক্তরাষ্ট্রের এ প্রেসিডেন্ট ইরাকে মার্কিন যুদ্ধের ইতি টেনেছেন এবং আরেকটি যুদ্ধ কিভাবে শেষ করা যায় সে চিন্তা-ভাবনা করছেন।
আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রিত অঞ্চলগুলো দখলের জন্য ২০০৯ সালে দেশটিতে মার্কিন সেনা বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন ওবামা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬২৮ঘ.
bdnews24