২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে সেনা-জঙ্গি তুমুল লড়াই

পাকিস্তানের আফগান সীমান্তবর্তী আদিবাসী অঞ্চলগুলোতে সেনাদের সঙ্গে জঙ্গিদের তুমুল লড়াই চলছে। জঙ্গি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে সেনাবাহিনী। এতে দুপক্ষেই হতাহত হয়েছে অনেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 12:12 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

পারাচিনার, পাকিস্তান, ফেব্র“য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের আফগান সীমান্তবর্তী আদিবাসী অঞ্চলগুলোতে সেনাদের সঙ্গে জঙ্গিদের তুমুল লড়াই চলছে। জঙ্গি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে সেনাবাহিনী। এতে দুপক্ষেই হতাহত হয়েছে অনেকে। পাকিস্তানের তালেবানরা সেনাবাহিনীর ওপর হামলা চালালে দুপক্ষে লড়াই শুরু হয়। দুইদিন ধরে লড়াই চলছে। এতে ৭৮ জন তালেবান ও ১০ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। আফগান সীমান্তবর্তী পাকিস্তানি আদিবাসী অঞ্চলগুলোতে তালেবান জঙ্গি, আল কায়েদা ও আফগান তালেবানরা ঘাঁটি গেড়েছে। পাকিস্তানের সেনাবাহিনী বেশ কয়েকবার অভিযান চালিয়েও তাদের ছত্রভঙ্গ করতে পারেনি। নিরাপত্তা কর্মকর্তারা জানান, একটি নিরাপত্তা চৌকিতে তালেবানের হামলায় ১০ পাকিস্তানি সেনা নিহত ও ৩২ জন আহত হওয়ার পর বুধবার জঙ্গি অবস্থানগুলোতে বিমান হামলা শুরু করা হয়। কুরাম আদিবাসী অঞ্চলের জোগিতে দুটি জঙ্গি আস্তানায় বিমান হামলায় তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) ১২ সদস্য ও ছয় উজবেক নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানান। তারা আরো জানান, ওরাকজাইয়ের মামোজাইতেও হামলা চালানো হয়েছে। এতে দুই উর্ধ্বতন কমান্ডারসহ ২০ জঙ্গি নিহত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সামরিক কর্মকর্তা রয়টার্সকে বলেন, “স্থানীয় টিটিপি কমান্ডার মোল্লা তুফান ও মৌলভী মঈনুদ্দিনের আস্তানায় হামলা চালানো হয়েছে। হামলায় মঈনুদ্দিনসহ ২০ জঙ্গি নিহত হওয়ার খবর পেয়েছি আমরা।” তবে সেনাবাহিনীর দেওয়া হতাহতের সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং টিটিপি প্রায়ই সেনাবাহিনীর দেওয়া হতাহতের সংখ্যার সঙ্গে দ্বিমত পোষণ করে থাকে। ওদিকে, টিটিপির এক মুখপাত্র তালেবানের দুই কমান্ডার জীবিত আছেন বলে জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮০০ঘ.