পোর্ট সাইদ (মিশর), ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের পোর্ট সাইদ শহরে বুধবার একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সহিংসতায় অন্তত ৭৪ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে প্রায় হাজার খানেক মানুষ।
মিশরের শীর্ষ দুই ফুটবল ক্লাব আল-মাসরি ও আল-আহলির মধ্যে ফুটবল ম্যাচ শেষে এই সংঘর্ষের সূচনা হয়।
মিশরের উপ স্বাস্থ্যমন্ত্রী জানান, এটিই দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে মারাত্মক বিপর্যয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
স্বাগতিক পোর্ট সাইদের দল আল-মারসি ৩-১ গোলে সফররত কায়রোর আল-আহলিকে হারানোর পর সংঘর্ষের সূচনা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আল-আহলির সমর্থকরা স্বাগতিক দলের সমর্থকদের ব্যঙ্গ করে ব্যানার ঝোলানোয় পুরো ম্যাচ জুড়েই মাঠে উত্তেজনা ছিল। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল-মারসির সমর্থকেরা মাঠে নেমে আহলির খেলোয়াড় ও সমর্থকদের ওপর চাকু-ছুরি নিয়ে হামলা করে। স্টেডিয়ামের একটি অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়।
দাঙ্গা পুলিশের একটি ছোট দল তাদের থামাতে ব্যর্থ হয়। তবে টেলিভিশন ফুটেজে দেখা গেছে, কিছু নিরাপত্তা কর্মকর্তা মাঠে সংর্ঘষ থামাতে কোনো চেষ্টাই করেনি। এক কর্মকতা তো এ ঘটনা তার মোবাইল ফোনের ক্যামেরায় রেকর্ড করছিল।
কর্মকর্তারা জানান, বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে মাথায় গভীর ক্ষত ও আঘাত এবং পদদলিত হওয়া থেকে।
মর্গের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে কয়েকজন নিরাপত্তা কর্মকর্তাও রয়েছেন।
আল-আহলির ফুটবলারদের একটি সামরিক বিমানে করে কায়রোতে ফিরিয়ে আনা হয়। দলটির খেলোয়াড় মোহামেদ আবু ত্রেইকা বলেন, “এটা কোনো ফুটবল নয়, এটা একটা যুদ্ধ আর এতে আমাদের চোখের সামনে মানুষ মরেছে।”
সামরিক শাসকদেরকে দোষারোপ
মিশরের সামরিক বাহিনীর সুপ্রিম কাউন্সিল এক বিবৃতিতে বৃহস্পতিবার থেকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করে। এ ঘটনার পূর্ণ তদন্ত করারও ঘোষণা দেওয়া হয়।
কিন্তু ক্ষুব্ধ রাজনীতিবিদেরা নিরাপত্তা ব্যবস্থার অপ্রতুলতার নিন্দা জানিয়ে এ সহিংসতার জন্য দোষারোপ করছেন সামরিক শাসক এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের সমর্থকদের।
পোর্ট সাইদের এক সংসদ সদস্য আলবাদরি ফারঘালি এক টেলিভিশন চ্যানেলকে বলেন, “নিরাপত্তা বাহিনী এ ঘটনা ঘটিয়েছে অথবা ঘটতে দিয়েছে। মুবারকের সমর্থকেরা এখন শাসন করছে। ক্ষমতার পালা বদল হলেও তার সব লোক এখনও ক্ষমতায় আছে।
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের সমর্থকদের এই সহিংসতার জন্য দায়ী করে সা¤প্রতিক নির্বাচনে জয়ী দল মুসলিম ব্রাদারহুডের এমপি এশাম আল-এরিয়ান বলেন, “পোর্ট সাইদের এ ঘটনা পরিকল্পিত।”
মিশরের জরুরি অবস্থার তুলে নেওয়ার দাবি থামাতেই সেনাবাহিনী এবং পুলিশ এ ঘটনা ঘটিয়েছে বলে মনে করেন তিনি।
কায়রোর প্রধান রেল স্টেশনের হাজার হাজার মিশরীয় ‘সামরিক শাসন নিপাত যাক’ বলে শ্লোগান দেয়। আহত সমর্থকেরা পোর্ট সাইদ থেকে এ স্টেশনে এসে নামছিল।
শত শত বিক্ষোভকারী রাষ্ট্রীয় টেলিভিশন ভবনের বাইরেও জড়ো হয়। বৃহস্পতিবার কায়ারো জুড়ে প্রতিবাদ মিছিল বের করারও পরিকল্পনা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এসইউ/১১১৩ ঘ.
bdnews24