২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্রোকের ঝুঁকি বাড়ছে কম বয়সীদের

আগের তুলনায় কম বয়সীদের মধ্যে স্ট্রোকে আক্রান্ত হওয়ার হার বাড়ছে বলে এক গবেষণায় বেরিয়ে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2012, 09:56 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের তুলনায় কম বয়সীদের মধ্যে স্ট্রোকে আক্রান্ত হওয়ার হার বাড়ছে বলে এক গবেষণায় বেরিয়ে এসেছে। আমেরিকান অ্যাকাডেমি অব নিউরোলজির ওই গবেষণায় দেখা যায়, যুক্তরাষ্ট্রের বৃহত্তর সিনসিনাটি ও নর্থ কেন্টাকি অঞ্চলে স্ট্রোকে আক্রান্তদের মধ্যে প্রতি পাঁচজনে একজনের বয়স ২০ থেকে ৫৫ বছরের মধ্যে। যুক্তরাষ্ট্রের ওই এলাকায় ২০ বছরের বেশি বয়সী ১৩ লাখ মানুষের উপর জরিপ চালিয়ে গবেষকরা দেখতে পেয়েছেন, ২০০৫ সালে তাদের স্ট্রোকে আক্রান্ত হওয়ার হার ছিল ১৯ শতাংশ। আর ১৯৯৩ সালে ছিল ১৩ শতাংশ। ১৯৯৩, ১৯৯৯ ও ২০০৫ সালের তথ্য পর্যালোচনা করে আমেরিকান অ্যাকাডেমি অব নিউরোলজি এই প্রতিবেদনটি তৈরি করেছে বলে বিবিসির খবরে জানানো হয়। গবেষক দলের সদস্য ড. ব্রেট কিসেলা বলেন, “ডায়াবেটিস, স্থূলতা ও উচ্চ মাত্রার কোলেস্টেরলের মতো স্বাস্থ্যঝুঁকির উপাদানগুলো বেড়ে যাওয়ার কারণে স্ট্রোকের প্রবণতা দেখা দিতে পারে।” গবেষণায় দেখা যায়, যুক্তরাজ্যেও ৫৫ বছরের কম বয়সীদের মধ্যে স্ট্রোকে আক্রান্ত হওয়ার হার বেড়ে গেছে। আক্রান্ত হওয়ার গড় বয়সও কমে এসেছে। ব্রিটেনে ১৯৯৩ সালে প্রতি এক লাখ মানুষের মধ্যে ১০৯ জন আক্রান্ত হলেও ২০০৫ সালে তা বেড়ে ১৭৬ জন হয়েছে। আর স্ট্রোকে আক্রান্তদের গড় বয়স ১৯৯৩ সালের ৭১ বছর থেকে কমে ২০০৫ সালে ৬৯ হয়েছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের নিউরোলজিস্ট ড. ডেভিড বেরিং বলেন, “স্ট্রোককে সাধারণত বয়স্ক মানুষের রোগ হিসেবে ধরা হয়। কিন্তু এই গবেষণা আমাদের দেখাচ্ছে যে কম বয়সীরাও এতে আক্রান্ত হচ্ছেন।” বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিকদের জীবনযাপনের ধরন একই রকম হওয়ায় দুই দেশেই স্ট্রোকের ঝুঁকি বাড়ছে। আর এই ফলাফল ভবিষ্যত জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুঁশিয়ারি বলে মনে করছেন তারা। স্ট্রেক অ্যাসোসিয়েশনের ড. ক্লেয়ার ওয়ালটন বলেন, “স্ট্রেক তাৎক্ষণিকভাবে ঘটে। কিন্তু এর প্রতিক্রিয়া সারাজীবন স্থায়ী হতে পারে, যা মানুষকে দীর্ঘমেয়াদী মারাত্মক অক্ষমতার মধ্যে ফেলে দিতে পারে।” কম বয়সীরা স্ট্রোকে আক্রান্ত হলে দীর্ঘদিন তাদের এর জের টানতে হয়। এতে করে স্বাস্থ্য সেবার ওপরও চাপ বাড়ে। “এ সমস্যাকে এখনই গুরুত্ব দিতে হবে। অনেক ক্ষেত্রেই স্ট্রোক প্রতিরোধ করা যায় এবং জীবন যাপনের ক্ষেত্রে কয়েকটি সহজ পরিবর্তন এনে যে কেউ এর ঝুঁকি কমাতে পারেন”, বলেন ক্লেয়ার ওয়ালটন। ভারসাম্যপূর্ণ খাবার, নিয়মিত ব্যায়াম ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখলে এ ঝুঁকি অনেকটা কমিয়ে আনা যায় বলেও তিনি পরামর্শ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/জেকে/১৫৫০ ঘ.