২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ড্রোন ও বোমা হামলায় নিহত ২৬

পাকিস্তানের ওরাকজাই অঞ্চলে বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় ১৮ জঙ্গি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2012, 09:02 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের ওরাকজাই অঞ্চলে বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় ১৮ জঙ্গি নিহত হয়েছে। এছাড়া একই অঞ্চলের অপর একটি এলাকার বাজারের কাছাকাছি একটি বাসস্ট্যান্ডে জোড়া বোমা বিস্ফোরণে আরও ৮ জন নিহত হয়েছে। ওরাকজাইয়ের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, বুন্দেলখেল এলাকায় তালেবানের হাফিজ গুল বাহাদুর গোষ্ঠীর মাওলানা শাকিরুল্ল¬াহর বাড়ি লক্ষ করে ড্রোন বিমান থেকে চারটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। ওরাকজাইয়ে গভর্নর খুশাল খাঁন বলেন, “১৮ জন জঙ্গি নিহত ও অপর ১৬ জন আহত হয়েছে। নিহতদের সবাই আফগান নাগরিক। ক্ষেপণাস্ত্রের আঘাতে বাড়িটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে।” ক্ষেপণাস্ত্র হামলায় পার্শ্ববর্তী আরো চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। হামলার পরপর তালেবান সদস্যরা বিধ্বস্ত বাড়িটি ঘিরে ফেলে নিহতদের সরিয়ে নেয় ও আহতদের সাহায্য করে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ঘটনাস্থলের কাছে তাদের ভিড়তে দেয়নি তালেবান সদস্যরা। এছাড়া বৃহস্পতিবার সারাদিনই ড্রোন বিমানগুলো খুব অল্প উচুঁ দিয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করতে থাকায় ভয়ে স্থানীয় বাসিন্দারা এলাকা ছেড়ে চলে যায় বলে জানা গেছে। নাম গোপন রাখার শর্তে ওই কর্মকর্তা জানিয়েছেন, মাওলানা শাকিরুল্লাহ ও তার হাফিজ গুল বাহাদুর গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের ঘনিষ্ঠ মিত্র। দাপ্তরিক নথি অনুযায়ী, এটি পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ৩০৯তম ড্রোন হামলা। এছাড়া ওরাকজাইয়ের হাসানজাই বাজার এলাকার একটি বাসস্ট্যান্ডে সন্দেহভাজন জঙ্গিদের জোড়া বোমা হামলায় ৮ জন নিহত ও ২২ জন আহত হয়েছে। প্রথম বোমাটি একটি গাধার শরীরে বাঁধা ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। উদ্ধারকাজ চলার সময় অপর বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩৯ ঘ.