ইস্তাম্বুল অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্কে অবতরণ করানো সিরিয়াগামী যাত্রীবাহী বিমান রাশিয়ার তৈরি প্রতিরক্ষা-সরঞ্জাম ও গোলাবারুদ বহন করছিল।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এর গন্তব্য ছিল বলে বৃহস্পতিবার জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান।
তিনি বলেন, যাত্রীবাহী বিমান আইনত গোলাবারুদ এবং প্রতিরক্ষা সরঞ্জাম বহন করতে পারে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, বিমানটিতে এ ধরনের সরঞ্জাম ছিল।”
মস্কো থেকে সিরিয়াগামী প্রায় ৩০ জন যাত্রীবাহী এ-৩২০ বিমানটিকে অস্ত্র বহনের সন্দেহে বুধবার আঙ্কারায় আটক করে পরে ছেড়ে দেয় তুরস্ক।
বিমানটিতে অবৈধ মালামাল ছিল বলে এর আগে এক খবরে জানিয়েছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতগলু।
তিনি বলেন, বিমানটিকে ছেড়ে দেয়ার আগে এটি থেকে ‘আপত্তিকর’ রসদ জব্দ করা হয়েছে। তবে বিমানটিতে কয়েকঘণ্টার তল্লাশিতে কোনো অস্ত্র পাওয়া গেছে কিনা সে সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানাননি তিনি।
আনাতোলিয়া বার্তা সংস্থায় তিনি কেবল বলেন, “বিমানটিতে যে ‘অবৈধ কার্গো’ আছে তা জানানো উচিত ছিল।”
সিরিয়া এবং রাশিয়া দু’দেশই এ ঘটনা নিয়ে তুরস্কের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। অবৈধ মালামাল থাকার তুরস্কের অভিযোগও অস্বীকার করেছে তারা।
সিরিয়ার গোলা তুরস্কের সীমানা পেরুলে আরো শক্তি প্রয়োগ করা হবে বলে রাষ্ট্রীয় টেলিভিশনে তুর্কি জেনারেল ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বিমান আটকের ওই ঘটনা ঘটে।
দাভুতগলু বলেন, নিপীড়ক সিরীয় শাসকগোষ্ঠীর কাছে অস্ত্র স্থানান্তর নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তুরস্কের আকাশসীমা ব্যবহার করে রসদ সরবরাহ মেনে নেয়া যায় না।
গ্রিসের রাজধানী এথেন্স সফররত দাভুতগলু এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ওই বিমানে বেসামরিক বিমান চলাচলের নীতিমালা বহির্ভূত মালামাল বহন করা হচ্ছিল বলে খবর পাওয়া গেছে।
বিমান তল্ল¬াশি ও মালামাল জব্দ করার কিছুক্ষণ পর যাত্রীবাহী বিমানটি আঙ্কারা বিমানবন্দর ছেড়ে যায়।
তুরস্কের গণমাধ্যমে অনিশ্চিত কয়েকটি প্রতিবেদনে বলা হয়, জব্দ করা কার্গোতে কয়েকটি বাক্সে সামরিক যোগাযোগের জন্য ব্যবহার উপযোগী যন্ত্রপাতি ছিল।
দাভুতগলু বলেছেন, তুরস্ক কর্তৃপক্ষ তাদের আকাশসীমায় চলাচলকারী সিরীয় যাত্রীবাহী বিমান তল্লাশি চালিয়ে যাবে।
তিনি আরো বলেন, তুরস্কের আকাশসীমায় সামরিক মালামাল পরিবহনের সন্দেহ দেখা দিলে বিমানে তল্ল¬াশির অধিকার আছে তাদের।
এছাড়া, সিরিয়ার আকাশসীমা নিরাপদ নয় বলে তুরস্কের যাত্রীবাহী বিমানগুলোকে তা ব্যবহার করতে নিষেধ করেন দাভুতগলু।
ওদিকে, সিরিয়ার পরিবহন মন্ত্রী মাহমুদ সাঈদ তুরস্কের বিরুদ্ধে আকাশ দস্যূতা এবং বেসামরিক বিমান চলাচল চুক্তি ভঙ্গের অভিযোগ করেছেন লেবাননের আল মানার টেলিভিশনে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে দেড় বছর ধরে চলতে থাকা রক্তক্ষয়ী বিদ্রোহে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষ নিহত হয়েছে। সম্প্রতি তুরস্কের সঙ্গে সিরিয়ার সীমান্তবর্তী এলাকাগুলোর নিয়ন্ত্রণ দখলের জন্য আসাদ বিরোধীদের সঙ্গে তার অনুগত বাহিনীর লড়াই চলছে।
গত সপ্তাহে সিরিয়া থেকে মর্টারের গোলা তুরস্কের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর আক্কাকেলার লোকবসতিতে গিয়ে পড়লে পাঁচ তুর্কি নাগরিক নিহত হয়। এরপরেই তুরস্কের সীমান্তে এলাকা থেকে সিরিয়ার বিভিন্ন লক্ষ্যে পাল্টা গোলা হামলা শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/কিউএইচ/এলকিউ/২২৩১ ঘ.
bdnews24