নিউইয়র্ক, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেন থেকে যুক্তরাষ্ট্রে হস্তান্তরিত ইমাম আবু হামজা আল-মাসরি মঙ্গলবার আদালতে দোষ অস্বীকার করেছেন।
জন্মসূত্রে মিশরীয় চরমপন্থি আবু হামজাকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করে ব্রিটেন।
১১টি অপরাধের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রে ম্যানহাটেনের আদালতে এ সব অভিযোগেই নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন হামজা।
তবে আদালত আগামী বছর ২৬ অগাস্টে তার বিচারের দিন ধার্য করেছে।
দীর্ঘ আট বছর ধরে যুক্তরাষ্ট্রে হস্তান্তর এড়ানোর আইনি প্রচেষ্টা চালাচ্ছিলেন আবু হামজা।
বিট্রেনের একটি মসজিদে চরমপন্থার চর্চা ও অমুসলিমদের হত্যা উস্কে দেয়ার অভিযোগে বিট্রেনের কারাগারে বন্দি করে রাখা হয়েছিল আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে এক চোখ ও দুই হাত হারানো এ ইমামকে।
যুক্তরাষ্ট্রের আদালতে অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন সাজা পেতে পারেন তিনি।
২০০৪ সালে নিউ ইয়র্কের ফেডারেল আদালতে আবু হামজার বিরুদ্ধে ১৯৯৮ সালে ইয়েমেনে একটি অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়। ওই ঘটনায় তিনজন ব্রিটিশ ও এক অস্ট্রেলীয় নিহত হন। এছাড়া রয়েছে যুক্তরাষ্ট্রের ওরেগনে আল কায়েদা নেটওয়ার্কের জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে সহায়তা দেয়া এবং আফগানিস্তানে তালেবান বাহিনীকে সহায়তা দেয়ার অভিযোগ।
মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালতে হাজির করা হয় ৫৪ বছর বয়সী আবু হামজাকে।
সেখানে দোষ অস্বীকার করা ছাড়াও আদালত নিযুক্ত স্বপক্ষের আইনজীবীর মাধ্যমে আবু হামজা তার এ নামের বদলে বাবার দেয়া ‘মুস্তাফা কামেল মুস্তাফা’ নামে তাকে সম্বোধন করার আবেদন জানান।
মুস্তাফা কামেল মুস্তাফা নামে ১৯৭০ সালে প্রকৌশল বিদ্যার ছাত্র হিসেবে ব্রিটেনে যান হামজা। একসময় লন্ডনের ডিসকো ক্লাবের দারোয়ান হিসেবেও কাজ করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৭২৭ঘ.
bdnews24