স্টকহোম, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মানব দেহের লক্ষ-কোটি কোষ যে প্রক্রিয়ায় তথ্য আদান-প্রদান করে এবং বাইরের উদ্দীপনায় সাড়া দেয়, সেই রসায়ন নিয়ে গবেষণার জন্য এ বছর নোবেল পুরস্কার পাচ্ছেন যুক্তরাষ্ট্রের দুই গবেষক।
বুধবার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স রসায়নে চলতি বছরের নোবেল পুরস্কারের জন্য রবার্ট জে লেফকোইৎজ (৬৯) ও ব্রায়ান কে কোবিলকার (৫৭) নাম ঘোষণা করে।
চিকিৎসা বিজ্ঞানের তথ্য অনুযায়ী, প্রতিটি বাহ্যিক উদ্দীপনা মানব দেহের কোষ থেকে কোষে ছড়িয়ে দেয়া এবং এরপর শারীরিক প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে কোষের দেয়ালের সংকেত গ্রহণকারী ‘রিসেপটর’গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন ভয় জাগানোর মতো কিছু ঘটলে সেই তথ্য এই রিসেপটরের মাধ্যমে কোষ থেকে মস্তিষ্কে পৌঁছায়। এরপর হরমন নিঃসরণের মধ্যেমে মস্তিষ্ক আমাদের ভয়ের অনুভূতি জাগিয়ে সতর্ক করে দেয়; শরীর নেয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা।
রয়্যাল সুইডিশ একাডেমির বিবৃতিতে বলা হয়, ‘জি প্রোটিন কাপলড রিসেপটর’ ঠিক কোন রাসায়নিক প্রক্রিয়ায় তথ্য আদান-প্রদানের কাজটি করে- গবেষণায় তা দেখিয়েছেন লেফকোইৎজ (৬৯) ও কোবিলকা।
“রোগ নিরাময়ে আমরা যতো ধরনের ওষুধ সেবন করি, তার প্রায় অর্ধেকরই কার্যকরিতা নির্ভর করে জি প্রোটিন কাপলড রিসেপটর ঠিক মতো কাজ করলো কি না তার ওপর”, বলা হয় বিবৃতিতে।
নোবেল জয়ের খবরে প্রতিক্রিয়া জানতে সুইডিশ একাডেমির সংবাদ সম্মেলন থেকেই টেলিফোন করা হয় অধ্যাপক লেফকোইৎজকে। তিনি জানান, সুইডেন থেকে যখন নোবেল কমিটির টেলিফোন এলো, তখন তিনি ঘুমাচ্ছিলেন।
“আপনাদের বলতেই হচ্ছে, আমি আসলে কানে তুলা দিয়ে ঘুমাই। ফোন যখন এলো, আমি শুনতে পাইনি। আমার স্ত্রী পাশ থেকে কনুইয়ের গুঁতোয় আমার ঘুম ভাঙায়। সুতরাং বুঝতেই পারছেন, খবরটা ছিল একেবারেই আকস্মিক, অভাবনীয়।”
মার্কিন নাগরিক লেফকোইৎজ জন্মগ্রহণ করে ১৯৪৩ সালে, নিউ ইয়র্কে। ১৯৬৬ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে যোগ দেন হাওয়ার্ড হিউস মেডিকেল ইনস্টিটিউটে। ডিউক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে মেডেসিন ও বায়োকেমিস্ট্রির অধ্যাপক হিসাবেও কাজ করেছেন তিনি।
আর কোবিলকা জন্মগ্রহণ করেন ১৯৫৫ সালে, লিটল ফলসে। ১৯৮১ সালে ইয়েল থেকে ডক্টরেট করেন। বর্তমানে স্ট্যানফোর্ড ইউনিভার্সির স্কুল অব মেডিসিনে মলিকিউলার ও সেলুলার ফিজিওলজির অধ্যাপক হিসাবে কাজ করছেন।
এবারের নোবেল পুরস্কারের অর্থমূল্য বাবদ ৮০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন দুই বিজ্ঞানী। আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
চিকিৎসায় নোবেলের জন্য সোমবার দুই স্টেম সেল গবেষক ব্রিটেনের জন বি গার্ডন ও জাপানের শিনিয়া ইয়ামানাকার নাম ঘোষণা করেছে নোবেল কমিটি।
এরপর মঙ্গলবার পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারের জন্য ফ্রান্সের সার্জ হ্যারোশ ও যুক্তরাষ্ট্রের ডেভিড ওয়াইনল্যান্ডের নাম ঘোষণা করা হয়, যারা গবেষণা করেছেন কোয়ান্টাম অপটিকস নিয়ে।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সাহিত্যে, শুক্রবার শান্তিতে ও ১৫ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করবে নোবেল কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১৬১০ ঘ.
bdnews24