রোম, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হলেও এখনো বিশ্বের প্রতি ৮ জনে ১ জন মানুষ খাদ্যাভাবে ভুগছে বলে মঙ্গলবার জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য ও কৃষি সংগঠন (এফএও)।
এছাড়া ২০০৭-০৮ সালে খাদ্যের উচ্চমূল্যের পর থেকে এখনো ধীর গতিতে কমছে অভুক্ত মানুষের সংখ্যা।
এফএও’র খাদ্য সঙ্কট সম্পর্কিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০১০-১২ সালে বিশ্বের জনসংখ্যার ৮৬ কোটি ৮ লাখ বা প্রায় ১২ দশমিক ৫ শতাংশ মানুষ খাদ্যাভাবে ভুগছে।
আগের আনুমানিক হিসাব ১শ’ কোটির তুলনায় এ হার স্পষ্টতই কম। ১৯৯০-৯২ সালে এ সংখ্যা ছিল প্রায় ১৮ দশমিক ৬ শতাংশ।
২০০৯ সালে খাদ্যাভাবে ভোগা মানুষের সংখ্যা ছিল ১০২ কোটি এবং ২০১০ সালে ছিল ৯২ কোটি ৫ লাখ।
এফএও’র মহাপরিচালক জোসি গ্রাজিয়ানো দা সিলভা বলেন, “আগের চেয়ে আমরা ভাল পরিস্থিতি দেখতে পাচ্ছি। কিন্তু এখনো প্রতি ৮ জনে ১ জন মানুষ খাদ্যাভাবে আছে।”
তিনি আরো বলেছেন, “এ পরিস্থিতি গ্রহণযোগ্য নয়। বিশেষ করে যখন আমরা এক প্রাচুর্যপূর্ণ পৃথিবীতে বাস করছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৩৬ঘ.
bdnews24