২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘তাদের দেখানো পথে আসছে কোয়ান্টাম কম্পিউটার’

চলতি বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পাচ্ছেন ফ্রান্সের সার্জ হ্যারোশ ও যুক্তরাষ্ট্রের ডেভিড ওয়াইনল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 10:18 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

স্টকহোম, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কোয়ান্টাম অপটিকস নিয়ে গবেষণার জন্য চলতি বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পাচ্ছেন ফ্রান্সের সার্জ হ্যারোশ ও যুক্তরাষ্ট্রের ডেভিড ওয়াইনল্যান্ড। এই দুই বিজ্ঞানী দেখিয়েছেন, কী করে আলোর কণাকে এর একেবারে মৌলিক অবস্থানে (কোয়ান্টাম স্টেট) রেখেই পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা যায়, যা আগে ‘অসম্ভব’ বলে মনে করা হতো। মঙ্গলবার এ পুরস্কারের জন্য তাদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের বিবৃতিতে বলা হয়, এই দুই বিজ্ঞানীর গবেষণায় কোয়ান্টাম পদার্থবিদ্যায় এক নতুন দুয়ার খুলে গেছে- যার পথ ধরে অতি উচ্চ গতির কম্পিউটার তৈরির গবেষণা শুরু করা সম্ভব হয়েছে। “এই কোয়ান্টাম কম্পিউটার হয়তো চলতি শতকেই আমাদের প্রতিদিনের জীবনকে পুরোপুরি বদলে দেবে, যেমনটা গত শতকে দিয়েছিল আমাদের চেনা সাধারণ কম্পিউটার।” চলতি বছরের পুরস্কারের অর্থমূল্য বাবদ ৮০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন হ্যারোশ ও ওয়াইনল্যান্ড। আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। মঙ্গলবার নোবেল কমিটির সংবাদ সম্মেলন থেকেই অধ্যাপক হ্যারোশকে টেলিফোন করা হয় তার প্রতিক্রিয়া জানার জন্য। রসিকতা করে তিনি বলেন, “আমার ভাগ্য ভাল; খবরটা শোনার সময় আমি স্ত্রীকে নিয়ে যে রাস্তা দিয়ে হাঁটছিলাম, তার পাশেই একটি বেঞ্চ ছিল। ফলে (খবরটি হজম করতে) বসার মতো একটা জায়গা পেয়েছিলাম।” “টেলিফোন নম্বরের সুইডিশ কোড দেখার পর আমি নিশ্চিত হই যে ঘটনা সত্যি। বুঝতেই পারছেন, আমার জন্য এটা বিরাট এক খবর।” ফরাসি নাগরিক সার্জ হ্যারোশ ১৯৪৪ সালে মরোক্কোর কাসাব্লাংকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে প্যারিসের মেরি কুরি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা এই অধ্যাপক বর্তমানে কাজ করছেন প্যারিসের কলেজ ডি ফ্রান্সে। যুক্তরাষ্ট্রের নাগরিক ডেভিড ওয়াইনল্যান্ডও একই বছর জন্মগ্রহণ করেন। তিনি পিএইচডি ডিগ্রি পান হার্ভার্ড থেকে, ১৯৭০ সালে। এই পদার্থবিদ বর্তমানে কলরাডো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। চিকিৎসায় নোবেলের জন্য সোমবার দুই স্টেম সেল গবেষক ব্রিটেনের জন বি গার্ডন ও জাপানের শিনিয়া ইয়ামানাকার নাম ঘোষণা করেছে নোবেল কমিটি। এর ধারাবাহিকতায় বুধবার রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এছাড়া বৃহস্পতিবার সাহিত্যে, শুক্রবার শান্তিতে ও ১৫ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করবে নোবেল কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১৬১০ ঘ.